মাথাচাড়া দিচ্ছে শত্রুরা! ভোটমুখী বাংলাদেশে অশান্তির আশঙ্কা বিএনপির

ঢাকার জনবহুল বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ওসমান হাদি।

Published on: Dec 16, 2025 7:27 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভোটমুখী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই রাজনৈতিক অশান্তি শুরু হয়ে গিয়েছে। ঢাকার জনবহুল বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ওসমান হাদি। আপাতত সংকটজনক অবস্থায় সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে হাদি একাই নন, ভোটের আবহে তাঁর মতো পরিণতি আরও অনেকের হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিএনপি।

বাংলাদেশে অশান্তির আশঙ্কা বিএনপির (সৌজন্যে টুইটার)
বাংলাদেশে অশান্তির আশঙ্কা বিএনপির (সৌজন্যে টুইটার)

মঙ্গলবার সকালে বাংলাদেশের বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। এরপরে তিনি বলেন, 'যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজ মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে।' তিনি আরও বলেন, 'একাত্তরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, এরমধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এ জন্য এ দিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ঘোষকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমরা আজ শপথ নিয়েছি, স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার সংগ্রাম সব সময় অব্যাহত রাখবো।'

এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য-সহ দলের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যান তার প্রতি শ্রদ্ধা জানাতে। এ সময় বিএনপি নেতারা শপথ নেন, ‘এ দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার জন্য আমাদের যে সংগ্রাম, সেটি অব্যাহত থাকবে’, জানান মির্জা ফখরুল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আজকের এই দিনে আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি।' তিনি আরও জানান, 'আমরা এদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এ দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য।' বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। তাঁর দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে আরও সক্রিয় করে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।’