BNP's Tarique Rahman slams Jamaat: আওয়ামি লিগের সুরে জামাতকে তোপ খালেদা পুত্র, বোধদয় হল তারেকের?
আওয়ামি লিগ বিরোধী হলেও বিএনপি মুক্তিযুদ্ধপন্থী। আওয়ামি লিগ এবং বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে অন্যতম রাজনৈতিক দ্বন্দ্বের কারণ - মুক্তিযুদ্ধের ঘোষক কে? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
একদা বাংলাদেশে বিএনপির জোটসঙ্গী ছিল জামাতে ইসলামি। এমনকী শেখ হাসিনাকে গদিচ্যুত করার ক্ষেত্রেও কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিল বিএনপি এবং জামাত। তবে ইউনুস জমানায় ক্রমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে জামাত। এদিকে আওয়ামি লিগ বিরোধী হলেও বিএনপি মুক্তিযুদ্ধপন্থী। আওয়ামি লিগ এবং বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে অন্যতম রাজনৈতিক দ্বন্দ্বের কারণ - মুক্তিযুদ্ধের ঘোষক কে? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে জামাত তো সেই ইতিহাস মুছে ফেলার পক্ষে। তারা জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধেরও ওপরে রাখতে চাইছে। এই আবহে এবার জামাতকে নিশানা করলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে—কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের সম্মান লুঠ করেছে।' এরপর তিনি আরও বলেন, 'আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে বিএনপি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না হলে দেশের ক্ষতি হয়ে যাবে।' উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় জামাতি রাজাকারদের বিচার করেছিল শেখ হাসিনার সরকার। আন্তর্জাতিক ট্রাইবুনালে হয়েছিল সেই বিচার। আর এখন ইউনুসের জামাতপন্থী সরকার সেই আন্তর্জাতিক ট্রাইবুনালেই ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে হাসিনা এবং আওয়ামি লিগ নেতাদের বিচার করছে।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারেক বলেন, 'বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গিয়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। সামনে অনেক কঠিন সময় আসছে। প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে।'
প্রসঙ্গত, এখন জামাতকে আক্রমণ শানালেও বিগত দিনে আওয়ামি লিগের বিরুদ্ধে লড়াইতে জামাতকে পাশে নিয়েই লড়েছে বিএনপি। তবে ইউনুস জমনাতে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন ঘটায় নড়েচড়ে বসেছে বিএনপি। তাদের অভিযোগ, ইউনুসের সরকার জামাত এবং এনসিপির কথায় ওঠ-বসে। এর আগে বিএনপি নিশ্চয় ভেবেছিল, আওয়ামি লিগের বিদায় ঘটলে তারাই ক্ষমতায় আসবে। তবে নির্বাচন নিয়ে টালবাহানায় তারা বিরক্ত। এদিকে হাসিনা পরবর্তী সময়ে জামাত ক্রমেই তাদের সংগঠন বিস্তার করে চলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনেও জামাতের ছাত্র সংগঠন শিবির জয়লাভ করেছে। তাতে আরও বেশি করে টনক নড়েছে বিএনপির।












