Board of Peace Latest Details: ফি ১ বিলিয়ন ডলার, আসন চায় বাংলাদেশ, আমন্ত্রণ পেলেন মোদী, ট্রাম্পের এই শান্তির বোর্ড কী?
ভারতকে 'বোর্ড অফ পিস' বা শান্তির বোর্ডে যোগদান করার আহ্বান জানিয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই বাহিনীতে যোগ দিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ। ট্রাম্পের এই শান্তির বোর্ড কী?
গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে 'বাহিনী' গড়ে তুলছেন ডোনাল্ড ট্রাম্প। সেই বাহিনীতে যোগ দিতে আগ্রহপ্রকাশ করেছে বাংলাদেশও। তবে আনুষ্ঠানিক ভাবে সেই বাহিনীতে যোগ দেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, ভারতকে 'বোর্ড অফ পিস' বা শান্তির বোর্ডে যোগদান করার আহ্বান জানিয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।

আপনি কি জানেন ভারত যদি এই বোর্ডের অংশ হয়ে যায় তবে কী হবে? গাজা উপত্যকায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প এই শান্তির বোর্ড গঠন করছেন। গাজা ও এর আশেপাশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ট্রাম্পের বোর্ড অফ পিসকে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা হিসেবে তুলে ধরছে ওয়াশিংটন। জল্পনা চলছে, এই সংস্থাটি অন্যান্য বৈশ্বিক সংঘাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মূলত, এই নতুন সংস্থাকে গাজার পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হবে। এই বোর্ডের সভাপতিত্ব করবেন ট্রাম্প। ভারত যদি ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করে, তাহলে তিন বছরের জন্য বোর্ডের অংশ হয়ে যাবে। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কোনও দেশকে এই বোর্ডের সদস্য থাকতে হলে ১ বিলিয়ন ডলার খসাতে হবে পকেট থেকে। তবে সদস্যপদ পাওয়ার পরে আগামী তিন বছরের জন্য কোনও দেশকে আর কোনও আর্থিক অবদান রাখতে হবে না।
এই আবহে মোদীকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও যুগান্তকারী প্রচেষ্টা এই বোর্ড অফ পিস। এই শান্তির বোর্ডকে 'বৈশ্বিক সংঘাত সমাধানে একটি সাহসী নতুন পদ্ধতি' হিসেব উল্লেখ করেছেন ট্রাম্প। মোদীকে লেখা চিঠিতে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য তার ২০ দফা রোডম্যাপের রূপরেখাও তুলে ধরেছেন। এক্স-এ এক পোস্টে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, মোদীকে ট্রাম্পের শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। রাষ্ট্রদূত বলেন, গাজায় স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে বোর্ড কার্যকরী প্রশাসনকে সহায়তা করবে।
ভারত ছাড়াও ইজরায়েল, মিশর, তুরস্ক, কাতার, পাকিস্তান, কানাডা এবং আর্জেন্টিনা সহ প্রায় ৫০টি দেশকে এই বোর্ডে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলমে এই বোর্ডের সদস্যদের আনুষ্ঠানিক তালিকা ঘোষণা করা হতে পারে। এই শান্তির বোর্ড বাস্তবায়নের জন্য একটি কমিটিও ঘোষণা করেছে। কমিটিতে রয়েছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
এদিকে ট্রাম্পের হয়ে গাজায় সেনা পাঠাতে এর আগে আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদশ। এই নিয়ে আমেরিকার সঙ্গে নাকি কথাও হয়েছে ইউনুস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। তবে মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আবার বলেছেন, এই বাহিনীতে যোগদানের ক্ষেত্রে বাংলাদেশের কিছু শর্ত আছে- এই শান্তি বাহিনী অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে; গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে; গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায়দায়িত্ব প্যালেস্তিনীয়দের কাছে হস্তান্তর করতে হবে।
E-Paper











