ফুয়েল সুইচ ত্রুটি! এয়ার ইন্ডিয়ার কাছে ব্যাখ্যা চাইল ব্রিটেনে, কী বলছে উড়ান সংস্থা?
গত বছর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৫০-র বেশি মানুষের মৃত্যুতে 'ফুয়েল সুইচ'- বিভ্রাটই গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছিল।
লন্ডনের হিথরো বিমানবন্দরে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের 'ফুয়েল কন্ট্রোল সুইচ' নিয়ে ত্রুটির অভিযোগে এয়ার ইন্ডিয়ার কাছে ব্যাখ্যা চাইল ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পদক্ষেপ নেওয়ার বলে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

২ ফেব্রুয়ারি, এআই১৩২ ফ্লাইটে উড়ানের পর এক পাইলট ওই বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচে ত্রুটির কথা জানান। সেই দিনই বেঙ্গালুরুতে অবতরণের পর বিমানটি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করে এয়ার ইন্ডিয়া। এই আবহে মঙ্গলবার এক চিঠিতে ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এয়ার ইন্ডিয়াকে জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জবাব না পেলে সংস্থার বিরুদ্ধে এবং তাদের অধীনে থাকা সমস্ত বোয়িং ৭৮৭-এর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে। এক বিবৃতিতে সিএএ জানিয়েছে, 'কোনও বিমান-সংক্রান্ত ঘটনার পর তথ্য চাওয়া নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং তা নিরাপত্তা নিশ্চিত করার বিধির সঙ্গেই সঙ্গতিপূর্ণ।' গত বছর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৫০-র বেশি মানুষের মৃত্যুতে 'ফুয়েল সুইচ'- বিভ্রাটই গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছিল। সেই ঘটনার পর থেকেই এই সুইচ নিয়ে নজরদারি আরও কড়া হয়েছে। এই সুইচের মাধ্যমেই ইঞ্জিনে জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রিত হয়।
সিএএ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বেঙ্গালুরুতে বিমানটিকে পরিষেবায় ফেরানোর আগে কী কী রক্ষণাবেক্ষণ পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত বিবরণ দিতে হবে। পাশাপাশি চাওয়া হয়েছে ঘটনার ‘রুট কজ অ্যানালিসিস’ এবং ভবিষ্যতে একই সমস্যা এড়াতে ‘প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান’, যা সংস্থার সমস্ত বোয়িং ৭৮৭-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্যদিকে রয়টার্সকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা সতর্কতামূলক পরীক্ষা করেছেন এবং ফুয়েল সুইচে কোনও ত্রুটি পাওয়া যায়নি। তারা আরও বলেছে, সেই অনুযায়ী ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথ জবাব দেওয়া হবে। ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-ও তাদের প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে, সুইচ ব্যবহারের ক্ষেত্রে ‘সম্ভবত সঠিক পদ্ধতি’ মানা হয়নি। এয়ার ইন্ডিয়াকে ফ্লাইট ক্রুদের নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার জারি করা একটি অভ্যন্তরীণ নোটে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের সব বোয়িং ৭৮৭ বিমানের ফুয়েল সুইচ পরীক্ষা করা হয়েছে এবং 'কোনও সমস্যা পাওয়া যায়নি।'
E-Paper











