কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ১০! ইউরোপ সফর বাতিল শোকস্তব্ধ কার্নির

মঙ্গলবার টাম্বলার রিজের একটি সেকেন্ডারি স্কুলে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। এমনটাই জানিয়েছে কানাডা পুলিশ।

Published on: Feb 11, 2026 12:57 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এলোপাথাড়ি গুলিতে বন্দুকবাজ-সহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ২৫। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইউরোপ সফর বাতিল করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য তাঁর পূর্বপরিকল্পিত সফর স্থগিত করছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে। একই সঙ্গে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী।

ব্রিটিশ কলম্বিয়ার স্কুলে মৃত্যুমিছিল! (AP)
ব্রিটিশ কলম্বিয়ার স্কুলে মৃত্যুমিছিল! (AP)

এএফপিকে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ থেকে আসা মর্মান্তিক সংবাদের পর, প্রধানমন্ত্রী... আপাতত দেশের বাইরে তাঁর পরিকল্পিত ভ্রমণ স্থগিত করবেন। কার্নি এর আগে বুধবার থেকে রবিবার পর্যন্ত মিউনিখে থাকার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। অন্যদিকে, এক্স বার্তায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, 'আমার প্রার্থনা এবং গভীর সমবেদনা সেই পরিবার এবং বন্ধুদের প্রতি যারা এই ভয়ঙ্কর সহিংসতায় প্রিয়জনদের হারিয়েছেন।' প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে দেশের শক্তির কথা তুলে ধরে বলেন, 'সঙ্কটে একত্রিত হওয়ার ক্ষমতা আমাদের দেশের সেরা দিক-আমাদের সহানুভূতি, আমাদের ঐক্য এবং একে অপরের প্রতি আমাদের সমবেদনা।' ইতিমধ্যে এই বিষয়ে কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারী সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

মার্ক কার্নি আরও বলেন, 'আমাদের কর্মকর্তারা প্রাদেশিক প্রতিপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন যাতে সকলে প্রয়োজনীয় সহায়তা পায়।' কার্নি ছাড়াও, আরও বেশ কয়েকজন কানাডিয়ান নেতা ব্রিটিশ কলাম্বিয়ায ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি বলেছেন, ‘এই অকল্পনীয় ট্র্যাজেডি মেনে নেওয়ার চেষ্টা করতে আমরা কমিউনিটির সদস্যদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করব।’ ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, 'আমি মেয়র এবং স্থানীয় এমএলএ-র সঙ্গে কথা বলেছি। আমরা আরসিএমপিকে তাদের প্রয়োজনীয় যে কোনও অতিরিক্ত সহায়তা প্রদান করছি।' ফেডারেল বিরোধী দলনেতা পিয়েরে পোইলিভরে বলেছেন, 'আমাদের প্রার্থনা পরিবার, শিক্ষার্থী, শিক্ষক, প্রাথমিক প্রতিক্রিয়াকারী-সহ সমগ্র সম্প্রদায়ের সঙ্গে রয়েছে।'

ব্রিটিশ কলম্বিয়ায় তাণ্ডব

মঙ্গলবার টাম্বলার রিজের একটি সেকেন্ডারি স্কুলে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। এমনটাই জানিয়েছে কানাডা পুলিশ। যদিও নিহতদের নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি তারা। কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি, আনুমানিক দুপুর ১:২০ মিনিটে, টাম্বলার রিজ আরসিএমপি টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এক সক্রিয় বন্দুকধারীর হামলার খবর পায়। ঘটনাস্থলে পুলিশ ইনিশিয়েটেড পাবলিক অ্যালার্ট জারি করা হয়। ঘটনার পর ওই চত্বর ঘিরে ফেলে পুলিশ। সন্দেহভাজন বন্দুকবাজও ঘটনায় নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি তদন্তকারীরা এটাও খতিয়ে দেখছেন যে, দ্বিতীয় কোনও বন্দুকবাজ এর সঙ্গে জড়িত কিনা। স্কুলের মধ্যেই আরও ছয় জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। গুরুতর দুই জনকে চিকিৎসার জন্য আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। অপর একজনের হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। স্থানীয় মেডিক্যাল সেন্টারে বাকি আহতদের চিকিৎসা করা হচ্ছে।

এদিকে, হামলার পরপরই একটি এমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হয়েছিল। সেই বিবরণ অনুযায়ী, 'বাদামী চুলের এক মহিলা ঘটনায় সন্দেহভাজন।' রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কেউ আহত হয়েছেন কিনা বা কোনভাবে যুক্ত আছেন কিনা-তা নিশ্চিত করতে অতিরিক্ত বাড়ি ও বিভিন্ন তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরে থাকতে বলেছেন তদন্তকারীরা। পুলিশের অনুরোধ, 'টাম্বলার রিজের বাসিন্দারা এখনই বাইরে বেরোবেন না, দরজা বন্ধ রাখুন। যারা ওই এলাকায় নেই, তারাও ওই দিক এড়িয়ে চলুন এবং পুলিশের নির্দেশ মানুন।'