মসজিদের ভিতরেই পরপর ছুরির কোপ! কংগ্রেস সহ-সভাপতির মৃত্যুতে হুলুস্থুল মহারাষ্ট্র

হিদায়াতুল্লা প্যাটেল মহারাষ্ট্রের অকোলা জেলায় কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী ও অভিজ্ঞ মুখ ছিলেন।

Published on: Jan 08, 2026 8:25 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পুরসভা নির্বাচনের মাঝেই মহারাষ্ট্রের রাজনীতিতে নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা। মসজিদের মধ্যেই দুষ্কৃতী হামলার শিকার হলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা বরিষ্ঠ নেতা হিদায়াতুল্লা প্যাটেল। এলোপাথাড়ি ছুরির কোপে গুরুতর জখম হওয়ার পর বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই ২২ বছর বয়সি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্র জুড়ে।

কংগ্রেস সহ-সভাপতির মৃত্যুতে হুলুস্থুল মহারাষ্ট্র (সৌজন্যে টুইটার)
কংগ্রেস সহ-সভাপতির মৃত্যুতে হুলুস্থুল মহারাষ্ট্র (সৌজন্যে টুইটার)

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ অকোলা জেলার অকোট এলাকার মোহালা গ্রামের জামা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন ৬৬ বছর বয়সি হিদায়াতুল্লা প্যাটেল। নামাজ সেরে মসজিদ থেকে বেরোনোর সময়ই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় এক দুষ্কৃতী। অভিযোগ, কংগ্রেস নেতার ঘাড় ও বুকে এলোপাথাড়ি ছুরির কোপ মারা হয়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে। সেখানে রক্তাক্ত অবস্থায় প্রবীণ এই নেতাকে মসজিদ থেকে বের করে আনতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। জানা যায়, হামলার সঙ্গে জড়িত ২২ বছর বয়সি এক তরুণ উবেদ খান। মঙ্গলবার রাত ৮টা নাগাদ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে, ধৃত যুবক উবেদ খান ওই নেতার পরিচিত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক কোনও কারণ নয়, বরং পুরনো ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা চালিয়েছে অভিযুক্ত। উবেদের বিরুদ্ধে খুনের মামলা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হিদায়াতুল্লা প্যাটেলের পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কে হিদায়াতুল্লা প্যাটেল?

হিদায়াতুল্লা প্যাটেল মহারাষ্ট্রের অকোলা জেলায় কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী ও অভিজ্ঞ মুখ ছিলেন। রাজ্য কংগ্রেসের সহ-সভাপতিও তিনি। ২০১৯ সালে অকোলা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়েছিলেন তিনি। সামনেই পুরসভা নির্বাচন, তার আগে এমন একজন বরিষ্ঠ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে বড়সড় শোরগোল পড়ে গিয়েছে। শোকের ছায়া নেমে এসেছে মারাঠা রাজনীতির অন্দরে।