'পেইড প্রোমোশন!' রাজধানীতে নিখোঁজ-রহস্য, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

এর আগেও দিল্লি পুলিশ একাধিকবার অনলাইনে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছিল।

Published on: Feb 06, 2026 9:14 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন বছরের শুরুতেই রাজধানী দিল্লিতে একের পর এক কিশোরী-যুবতী নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগজনক চিত্র সামনে আসে। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়ায় দিল্লির খবরে। কিন্তু শুক্রবার এই দাবিকে সম্পূর্ণ গুজব বলে নস্যাৎ করে দিল দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, মুনাফার উদ্দেশ্যে দিল্লিকে কেন্দ্র করে ভুয়ো আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এই ভুয়ো আতঙ্ক আর ছড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জনিয়েছে দিল্লি পুলিশ।

রাজধানীতে নিখোঁজ-রহস্য (RAJ K RAJ /HT PHOTO)
রাজধানীতে নিখোঁজ-রহস্য (RAJ K RAJ /HT PHOTO)

এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, 'কিছু সূত্র অনুসরণ করে আমরা জানতে পেরেছি, মূলত পেইড প্রোমোশনের মাধ্যমে দিল্লিতে নিখোঁজ কিশোরীদের সংখ্যা বেড়েছে বলে প্রচার করা হচ্ছে। আর্থিক লাভের জন্য আতঙ্ক তৈরি করা বরদাস্ত করা হবে না এবং এমন ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।' সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে রাজধানীতে নিখোঁজের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কম। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে মোট ১,৭৭৭টি নিখোঁজের মামলা নথিভুক্ত হয়, যা গত দুই বছরের গড় মাসিকের থেকে কম। দিল্লিতে ২০২৪ সালে ২৪,৮৯৩ জন এবং ২০২৫ সালে ২৪,৫০৮ জন নিখোঁজ হয়েছে। পাশাপাশি, ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে খুঁজে বের করে পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, যা প্রায় ৭৭ শতাংশ উদ্ধার হারকে নির্দেশ করে।

এর আগেও দিল্লি পুলিশ একাধিকবার অনলাইনে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছিল। বৃহস্পতিবার করা এক পোস্টে পুলিশ জানায়, 'সাম্প্রতিকালে দিল্লিতে শিশুদের সুরক্ষা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা শহরবাসীকে অনুরোধ করছি, নিখোঁজ শিশু সংক্রান্ত গুজবে বিশ্বাস করবেন না।' সেই সঙ্গে তথ্য বিকৃত করে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দিল্লি পুলিশ জানিয়েছে, শিশুদের নিরাপত্তা তাদের কাছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং নিখোঁজদের খোঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ আধিকারিকরা চব্বিশ ঘণ্টা কাজ করছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, পুলিশ আধিকারিকরা ব্যাখ্যা করেছেন যে উদ্ধার হওয়া বহু শিশু স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গিয়েছিল এবং তাদের খোঁজে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারি ব্যবহার করা হয়।

এর আগে কিছু রিপোর্টে দিল্লি পুলিশের তথ্য উদ্ধৃত করে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছেন, গড়ে দিনে প্রায় ৫৪ জন। তবে দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, গত বছরের তুলনায় নিখোঁজের ঘটনায় কোনও বৃদ্ধি হয়নি। সব মিলিয়ে দিল্লি পুলিশ সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দিল্লি পুলিশের উদ্ধৃত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রাজধানীতে নিখোঁজের হার বিশ্বব্যাপী মানদণ্ডের তুলনায় অনেক কম, বিশেষ করে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করলে। প্রতিবেদন অনুসারে, দিল্লিতে নিখোঁজের হার প্রতি ১০০,০০০ জনসংখ্যায় প্রায় ১২২ জন, যেখানে লন্ডন-সহ ব্রিটেনে এই সংখ্যা প্রায় ২৫৪ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৩৮।