'শ্রীলঙ্কায় এক্সপায়ারি ডেট পেরনো ত্রাণ পাঠাল পাক', বিষ খাইয়ে বন্ধুত্বের নাটক?
ত্রাণের নামে শ্রীলঙ্কায় এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া সামগ্রী পাঠাল পাকিস্তান? ঘূর্ণিঝড়ের জেরে শ্রীলঙ্কার বিভিন্ন বন্যা হয়েছে। নেমেছে ধস। তার জেরে সোমবার পর্যন্ত কমপক্ষে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে শ্রীলঙ্কা।
ত্রাণের নামে শ্রীলঙ্কায় এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া সামগ্রী পাঠাল পাকিস্তান? এমনই অভিযোগ উঠল। গত রবিবার শ্রীলঙ্কায় পাকিস্তানি হাইকমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে দাবি করা হয়, দ্বীপরাষ্ট্রের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইসলামাবাদ। আর সেই ত্রাণ সামগ্রীর উপরের লেখা দেখেই তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা। ওই ত্রাণ সামগ্রীর প্যাকেটে লেখা ‘এক্স’-টা দেখিয়ে তাঁরা দাবি করেছেন যে ২০২৪ সালের অক্টোবরেই এক্সপায়ার্ড হয়ে যাওয়া জিনিসই পাঠিয়েছে পাকিস্তান।

‘ছি! লজ্জা নেই পাকিস্তানের'
এক নেটিজেন বলেছেন, 'ডাস্টবিনে ফেলে দেওয়ার পরিবর্তে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এক্সপায়ার্ড হয়ে যাওয়া খাদ্যসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান।' সেইসঙ্গে ত্রাণ সামগ্রীর উপরে লেখা ‘EXP’ অঙ্কটা লাল করে দিয়েছেন নেটিজেন। অপর একজন বলেছেন, ‘ছি! লজ্জা নেই আপনাদের (পাকিস্তান)? এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া জিনিস পাঠাচ্ছেন শ্রীলঙ্কায়? পাকিস্তানকে যে কী বলব, নিজেই জানি না’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘এর থেকে বিষ পাঠাতে পারতেন। সেটা বরং ভালো ছিল।’
বিষ খাইয়ে বন্ধুত্বের নাটক পাকিস্তানের?
পুরো ঘটনায় প্রশ্ন উঠেছে যে বন্ধুত্বের নাটক করতে গিয়ে শ্রীলঙ্কার মানুষদের বিষ খাওয়ানোর বন্দোবস্ত করছে পাকিস্তান? যদিও বিষয়টি নিয়ে আপাতত ইসলামাবাদ তরফে কোনও মন্তব্য করা হয়নি। শ্রীলঙ্কায় পাকিস্তানি হাইকমিশনের সোশ্যাল মিডিয়া পেজেও সেই পোস্ট জ্বলজ্বল করছে। যাতে বড়-বড় করে লেখা হয়েছে, সর্বদা একসঙ্গে দাঁড়িয়ে আছি (আমরা)। শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই ও বোনেদের সহায়তার জন্য পাকিস্তান থেকে ত্রাণ প্যাকেজ সাফল্যের সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছে, যা আমাদের অটুট সংহতিকে তুলে ধরে। পাকিস্তান শ্রীলঙ্কার পাশে আছে।'
শ্রীলঙ্কার পাশে ভারত, জোরকদমে চালাচ্ছে উদ্ধারকাজ
যদিও সংশ্লিষ্ট মহলের মতে, আসলে প্রতিবারের মতো বিপদের সময় ভারত যেভাবে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে, তা দেখে নড়েচড়ে বসেছে পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার বিমানে করে শ্রীলঙ্কায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। ঘূর্ণিঝড় দিটওয়ার ফলে বিপর্যস্ত শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়েছে, আকাশপথে বায়ুসেনার হেলিকপ্টার থেকে বিপর্যস্ত এলাকায় ৫.৫ টনের ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে। তাছাড়াও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টার করেও উদ্ধারকাজ চালানো হচ্ছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের জেরে শ্রীলঙ্কার বিভিন্ন বন্যা হয়েছে। নেমেছে ধস। তার জেরে সোমবার পর্যন্ত কমপক্ষে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে শ্রীলঙ্কা।












