Trump on Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাক যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি মেনে নিলেন ট্রাম্প?

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ৭টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। আর এখন সেটা হয়েছে ৮। এই নিয়ে আবার যুক্তিও দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, একটি যুদ্ধবিমান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে তা এখন পরিত্যাগ করা হয়েছে। তাই মোট ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

Published on: Nov 07, 2025 11:40 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ডোনাল্ড ট্রাম্পের গলায় এবার ভারত-পাক সংঘাত নিয়ে নয়া দাবি। শুল্ককে হাতিয়ার করে যুদ্ধ থামানোর নিজের দাবিতে অটল রয়েছেন ট্রাম্প। এরই সঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো দাবি করলেন, ভারত-সংঘাতে মোট ৮টি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এর আগে অবশ্য তিনি দাবি করেছিলেন, ৭টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। আর এখন সেটা হয়েছে ৮। এই নিয়ে আবার যুক্তিও দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, একটি যুদ্ধবিমান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে তা এখন পরিত্যাগ করা হয়েছে। তাই মোট ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে কোন দেশের বিমানের কথা ট্রাম্প বললেন, তার উল্লেখ তিনি করেননি। তবে ভারতীয় বায়ুসেনা প্রধান এর আগে জানিয়েছিলেন, পাক হ্যঙারে থাকা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল ভাতরীয় হামলায়। ট্রাম্প কি সেই বিমানেরই উল্লেখ করলেন? তা নিয়ে জল্পনা তৈরি হতেই পারে।

অপারেশন সিঁদুরে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি ট্রাম্পের (AP)
অপারেশন সিঁদুরে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি ট্রাম্পের (AP)

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে প্রায় প্রতিদিনই প্রায় কিছু না কিছু বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করা ছাড়াও তিনি বারবার বোঝাতে চাইছেন যে যুদ্ধ কতটা ভয়াবহ ছিল এবং আরও কতটা ভয়াবহ তা হতে পারত। তাঁর বরাবরের দাবি, এই সংঘাত পারাণিবিক যুদ্ধে পরিণত হতে পারত। এরই সঙ্গে একেক সময় একেক সংখ্যায় বিমান ধ্বংস হওয়ার দাবি শোনাচ্ছেন তিনি। এবার সেই সংখ্যাটা বেড়ে ৮ হয়েছে। জুলাইতে ট্রাম্প বলেছিলেন ভারত-পাক সংঘাতে ৫টা যুদ্ধবিমান ভেঙেছে, এরপর অগস্টে সেটা ৭ হল। আর নভেম্বর আসতে আসতে ট্রাম্প দাবি করলেন, অপারেশন সিঁদুরের সময় নাকি ৮টা বিমান ধ্বংস হয়েছিল।

এর আগে এই যুদ্ধ থামাতে শুল্ক আরোপ নিয়েও একেক রকম দাবি শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তাঁর সর্বশেষ দাবি অনুযায়ী, ট্রাম্প নাকি ভারত ও পাকিস্তানের ওপর ২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন অপারেশন সিঁদুরের সময়। ভারত অবশ্য এই সব দাবি শুরু থেকেই অস্বীকার করে এসেছে। দিল্লি স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, অপারেশন সিঁদুরের সময় প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে কোনও কথাই হয়নি। যদিও ট্রাম্প বলেন, তিনি নাকি সরাসরি মোদীর সঙ্গে কথা বলেছিলেন।

এদিকে অপরেশন সিঁদুরের সময় যুদ্ধবিমান ধ্বংস প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফমার্শাল এপি সিং জানিয়েছিলেন, সংঘাতের সময় ৬টি পাক বিমান ধ্বংস করে ভারত। এছাড়াও পাক ঘাঁটিতে এফ-১৬ জেটও ধ্বংস করা হয়। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে ২৫ জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে। এর জবাবে ভারত ৬ মে গভীর রাতে বাহাওয়ালপুর, মুরিদকে সহ পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সেই অভিযানে প্রায় ১০০ জনের জঙ্গিকে খতম করে ভারত। আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের ওপর। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের শেলিংয়ে ভারতের অন্তত ১৬ জন নাগরিকের মৃত্যু ঘটে। এরপর সংঘাত বাড়তে থাকে দুই দেশের। ১০ মে-র ভোররাতে এরপর ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি অকেজো করে দেয়।

এই আবহে ভারতীয় বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং জানিয়েছিলেন, পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির যুদ্ধবিমান সহ পাঁচটি জেট ভারত ধ্বংস করেছিল লড়াইয়ের সময়। পাকিস্তানের রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হ্যাঙ্গার এবং রানওয়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের হামলায়। পাকিস্তানের একটি সি-১৩০ শ্রেণির বিমানও ধ্বংস করা হয়েছিল এই সংঘাতের সময়। এছাড়া ৩০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে একটি AEW&C বা একটি SIGINT বিমান ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা।

News/News/Trump On Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাক যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি মেনে নিলেন ট্রাম্প?