Trump to Boycott G20 Summit: জি২০ সম্মেলন বয়কটের ডাক ট্রাম্পের, বিস্ফোরক অভিযোগ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যে তিনি এই বছর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন না। এই আবহে আগে জানা গিয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেন। তবে এবার ট্রাম্প জানালেন কোনও মার্কিন আধিকারিকই দক্ষিণ আফ্রিকায় যাবেন না।
জি২০ সম্মেলন বয়কটের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে ট্রাম্প বলেছেন, এই বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা জি২০ শীর্ষ সম্মেলনে কোনও মার্কিন প্রতিনিধি অংশ নেবেন না। তিনি অভিযোগ করেছেন, আফ্রিকার এই দেশে শ্বেতাঙ্গ কৃষকরা প্রতি বৈষম্যের শিকার হচ্ছেন। এরই প্রতিবাদেই নাকি কোনও মার্কিন কর্মকর্তাই দক্ষিণ আফ্রিকা যাবেন না জি২০ সম্মেলনে অংশ নিতে।
ট্রাম্প জানালেন কোনও মার্কিন আধিকারিকই দক্ষিণ আফ্রিকায় যাবেন না। (AP)
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যে তিনি এই বছর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন না। এই আবহে আগে জানা গিয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেন। এরই মাঝে গতকাল ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, 'দক্ষিণ আফ্রিকায় জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি খুবই লজ্জাজনক। সেখানে আফ্রিকানারদের (ডাচ, ফরাসি এবং জার্মান বংশধর) সেখানে মারা হচ্ছে এবং তাদের জমি বেআইনি ভাবে বাজেয়াপ্ত করা হচ্ছে। যতক্ষণ এই মানবাধিকার লঙ্ঘন চলবে, কোনও মার্কিন আধিকারিক দক্ষিণ আফ্রিকা যাবেন না। ২০২৬ সালে মায়ামি ফ্লোরিডায় জি২০ সম্মেলন অনুষ্ঠিত করার জন্য আমি মুখিয়ে আছি।'
এর আগে গত বুধবার মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে ট্রাম্প বলেছিলেন, 'আমি দক্ষিণ আফ্রিকা যাচ্ছি না। দক্ষিণ আফ্রিকায় জি২০ বৈঠক রয়েছে। দক্ষিণ আফ্রিকার জি২০-তে থাকা উচিত নয় কারণ সেখানে যা ঘটেছে তা খুব খারাপ। আমি তাদের বলেছি যে আমি আসছি না। সেখানে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করব না।' উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এক বছরের জন্য জি২০-র সভাপতিত্ব করছে। এই আবহে আগামী ২২ এবং ২৩ নভেম্বর জোহানেসবার্গে জি২০ নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে। এই প্রথম আফ্রিকার মাটিতে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ভারত ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত জি২০ সভাপতি ছিল এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন নিয়ে গঠিত এই জি২০। ভারতের জি২০ সভাপতিত্বের সময়ই আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে গ্রুপ অফ মেজর ইকোনমিস অফ দ্য ওয়ার্ল্ডে স্থায়ী সদস্য হিসাবে যোগ দিয়েছিল।
News/News/Trump To Boycott G20 Summit: জি২০ সম্মেলন বয়কটের ডাক ট্রাম্পের, বিস্ফোরক অভিযোগ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে