DRDO Pilot Escape System Test: দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের নিরাপত্তা আরও জোরদার হবে, সফল পরীক্ষা DRDO-র
এই এস্কেপ সিস্টেমের পরীক্ষার সময় তেজস যুদ্ধবিমানেরই ব্যবহার করা হয়েছিল। তেজসের সামনের অংশটি দুটি রকেট স্লেজে স্থাপন করা হয়েছিল। এই সময় ককপিটের গ্লাস নিরাপদে ভেঙে যায়, সিট বেরিয়ে আসে এবং ডামি পাইলট সম্পূর্ণ নিরাপদে প্যারাসুট নিয়ে নেমে আসেন।
যুদ্ধবিমানের জরুরি এস্কেপ সিস্টেমের উচ্চ গতির রকেট স্লেজ ট্রায়ালে সফল হয়েছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। চন্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির রেল ট্র্যাক রকেট স্লেজ ফেসিলিটিতে এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষার সময় এস্কেপ সিস্টেমটিকে ৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে নিক্ষেপ করা হয়েছিল। এই সাফল্যের ফলে ভারতের মুকুটে জুড়ল নয়া পালক। দেশীয় প্রযুক্তিতে এই ধরনের জটিল এস্কেপ সিস্টেমের পরীক্ষা চালানো কয়েকটি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারত।
যুদ্ধবিমানের জরুরি এস্কেপ সিস্টেমের উচ্চ গতির রকেট স্লেজ ট্রায়ালে সফল হয়েছে ডিআরডিও
উল্লেখ্য, সম্প্রতি দুবাইতে এয়ার শো চলাকালীন ভেঙে পড়েছিল ভারতে তৈরি যুদ্ধবিমান তেজস। সেই দুর্ঘটনায় প্রয়াত হন উইং কমান্ডার নমন স্যাল। একটি বিশেষ কৌশল প্রদর্শনের সময় শূন্যে বিমানটি ভারসাম্য হারায় এবং ভেঙে পড়েছিল। তবে পাইলট বিমান থেকে ইজেক্ট করে বের হতে পারেননি। আর সেই দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিমানে এস্কেপ সিস্টেমের দেশীয় প্রযুক্তির সফল পরীক্ষা চালাল ডিআরডিও।
এই এস্কেপ সিস্টেমের পরীক্ষার সময় তেজস যুদ্ধবিমানেরই ব্যবহার করা হয়েছিল। তেজসের সামনের অংশটি দুটি রকেট স্লেজে স্থাপন করা হয়েছিল এবং একাধিক রকেট মোটর নিক্ষেপ করে সঠিক গতি অর্জন করা হয়েছিল। এই সময় ককপিটের গ্লাস নিরাপদে ভেঙে যায়, সিট বেরিয়ে আসে এবং ডামি পাইলট সম্পূর্ণ নিরাপদে প্যারাসুট নিয়ে নেমে আসেন। সমস্ত পর্যায় (গ্লাস ব্রেকিং, আসন খুলে আসা এবং পাইলটের বের হওয়া) সম্পূর্ণভাবে সফল হয়েছিল। এই ট্রায়ালটি স্ট্যাটিক ট্রায়ালের চেয়ে অনেক বেশি জটিল এবং বাস্তব পরিস্থিতির কাছাকাছি ছিল।
এই পরীক্ষা সফল হওয়ার পর ডিআরডিও, এয়ার ফোর্স, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এই পরীক্ষাকে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাতও পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই সাফল্যের ফলে ভারতকে পাইলট রেসকিউ সিটের জন্য আর বিদেশি প্রযুক্তি বা টেস্ট ফেসিলিটির ওপর নির্ভর করতে হবে না। এর ফলে তেজস সহ দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধবিমানের নিরাপত্তা আরও জোরদার হবে।
News/News/DRDO Pilot Escape System Test: দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের নিরাপত্তা আরও জোরদার হবে, সফল পরীক্ষা DRDO-র