ICC on Bangladesh T20 WC Row: ভারতে না খেললে… বোমা ফাটাল আইসিসি! বাংলাদেশের BCBকে দিল হাতে ১ দিনের ডেডলাইন
বোর্ডের সভায় কোন সিদ্ধান্ত হয়েছে?
২০২৬ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে যাবতীয় ধোঁয়াশা কার্যত বৃহস্পতিবারের মধ্যেই স্পষ্ট হতে পারে। এদিন বাংলাদেশের ভারতে না খেলতে চাওয়ার আর্জির বিষয়টি নিয়ে আইসিসির অন্দরে সিদ্ধান্ত ঘিরে ভোটাভুটি হয়। সেখানে স্থির হয়েছে, বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায়, তাহলে বিকল্প দেশকে সেখানে নেবে আইসিসি। আইসিসির অন্দরে সদস্যদের মধ্যে ভোটাভুটিতে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর ‘ক্রিক ইনফো’র। এক্ষেত্রে অবস্থান স্পষ্ট করতে বিসিবির কাছে ১ দিনের সময় রয়েছে।

মঙ্গলবারই বাংলাদেশের টি২০ দলের অধিনায়ক লিটন দাসকে তাঁদের টিমের টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার সম্ভাবনা নিয়ে নানান প্রশ্ন করা হয়। একটা সময় লিটন পাল্টা প্রশ্ন করেছিলেন,'আপনি নিশ্চিত আমরা বিশ্বকাপে খেলব?' লিটনের সেই প্রশ্নই যেন, এদিন ফের একবার এই হাইভোল্টেজ সভা ঘিরে উস্কে গেল! এর আগে, বোর্ডের আলোচনায় উঠে আসে, ভারতে বাংলাদেশ যদি টি২০ বিশ্বকাপ না খেলে, তাহলে সেই জায়গায় টি-টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়া হবে। এর পক্ষেই আইসিসি সদস্য়দের বেশিরভাগ ভোট পড়ে। ভোটে বাংলাদেশের জায়গায় টি২০ বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেই সিদ্ধান্ত কার্যকরের আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে,তারা যেন বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে বিষয়টি আইসিসিকে জানায়। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হাতে ১ দিনের সময় দেওয়া হয়েছে।
এদিনের বোর্ডের সভার আগে, পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) শেষ মুহূর্তের নাটকীয়তায় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে একটি চিঠি দেয় আইসিসিকে। পিসিবির প্রধান মহসিন নাকভিও এদিনের বৈঠকে হাজির ছিলেন। তিনি ছাড়াও বৈঠকে ছিলেন বিসিবির প্রধান আমিনুল ইসলাম। বৈঠকে হাজির ছিলেন বিসিসিআই-র তরফে দেবজিৎ সাইকিয়া।
এর আগে, সদ্যই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন,তাঁরা তাঁদের সিদ্ধান্তে অনড়। তাঁরা কিছুতেই ভারতের মাটিতে ২০২৬ বিশ্বকাপ ক্রিকেট খেলবেনা। সেই জায়গায় তাঁরা শ্রীলঙ্কায় খেলার জন্য অনুরোধ জানিয়েছিল জয় শাহের আইসিসিকে। এরপরই আইসিসি বিসিবির সঙ্গে বৈঠক করে। দুই পক্ষের আলোচনা হয়। বিসিবির তরফে একাধিকবার মেইল যায় আইসিসির কাছে। এরপর এল আজকের এই খবর। ফলত, আপাতত ১ দিনের সময়সীমার মধ্যে ইউনুসের দেশ বাংলাদেশকে তার ২০২৬ বিশ্বকাপ টি২০ ক্রিকেটে তাদের দেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশ কোনপথে হাঁটতে পারে, সেদিকে নজর ক্রিকেট বিশ্বের। এদিকে, আগে শোনা গিয়েছিল, যদি বাংলাদেশ এই বিশ্বকাপে না খেলে, তাহলে স্কটল্যান্ডকে সম্ভবত ডেকে নিতে পারে আইসিসি। তবে স্কটল্যান্ড জানিয়েছে, তারা এই বিষয়ে আইসিসির তরফে কোনও বার্তা এখনও পায়নি।
E-Paper











