ICC on Bangladesh Issue: বিসিবির জেদকে জোর ধাক্কা! নিরাপত্তা নিয়ে বাংলাদেশের আবদারের পর জয় শাহের ICC সাফ বলছে…
শিয়রে টি২০ বিশ্বকাপ। বাংলাদেশকে ঘিরে কী জানাল আইসিসি?
মুস্তাফিজুর ইস্যুকে কেন্দ্র করে, ফুঁসে ওঠা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল, টি ২০ বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না। এক্ষেত্রে তারা নিরাপত্তার ইস্যুটিকে সামনে রেখে নিজেদের দাবিতে অনড় ছিল। তারা চেয়েছিল এই বিশ্বকাপ তারা ভারতের সহযোগী আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলবে। সেগুড়ে বালি দিয়ে দিয়েছে আইসিসি! ২১ জানুয়ারি বেলা গড়াতেই আইসিসির সভায় স্থির হয়ে যায় যে বাংলাদেশ যদি ভারতে না খেলে, তাহলে টুর্নামেন্ট থেকে তাদের বাদ যেতে হবে। সেক্ষেত্রে বিকল্প দল চলে আসবে বাংলাদেশের জায়গায়। ভারতে বাংলাদেশের, ক্রিকেটার, দর্শক, সাংবাদিক সহ নানান জনের নিরাপত্তার প্রশ্নেও এদিন জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি অবস্থান স্পষ্ট করে দেয়।

২০২৬ সালে বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনার ইস্যুতে আইসিসির তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে, এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়।’ এরই সঙ্গে আইসিসি বলছে,' এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং একই সঙ্গে এমন নজির তৈরি হবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে।'
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে শুরু হচ্ছে এই টি২০ বিশ্বকাপ। তার আগে, বাংলাদেশের তরফে তোলা এই নয়া ইস্যুটি ঘিরে আইসিসি বলছে,'টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে এসে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।' ফলে আইসিসি সাফ করে জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের কোনও সূচি পরিবর্তন হবে না। আইসিসি স্পষ্ট করে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, 'স্বাধীন পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গিয়েছে, ভারতে টুর্নামেন্টের কোনও ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো হুমকি নেই।' আইসিসি স্পষ্ট বলছে, ‘হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর সংবেদনশীলতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিশ্বমানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, এমন একটি নজিরও তৈরি হতে পারে।’ আপাতত, সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও মহম্মদ ইউনুসের শাসনে থাকা বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করছে। ঢাকা এর আগে গতকালও জানিয়েছে, তারা নিজেদের দাবিতে অনড়। এই জায়গা থেকে টি২০ বিশ্বকাপে লিটনদের খেলার সম্ভাবনা কতটা, তা নিয়ে জল্পনার পারদ তুঙ্গে।
E-Paper











