IND vs IND A Match Update: ইংল্যান্ডে ‘হ্যাটট্রিক’ রাহুলের, প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান গিলেরও, ছন্দে ‘লর্ড’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টানা তিনটি ইনিংসে রান পেলেন কেএল রাহুল। ভারতীয় ‘এ’ দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্টে রান পান। এবার প্রস্তুতি ম্যাচেও রান করলেন। অর্ধশতরান করলেন নয়া অধিনায়ক শুভমন গিল।

Published on: Jun 14, 2025 6:47 AM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দ্বিতীয় বেসরকারি টেস্টের পরে ভারতের আন্তঃস্কোয়াড ম্যাচেও রান পেলেন কেএল রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডের বেকেনহ্যামে ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে অর্ধশতরান করেন তারকা ক্রিকেটার। তবে ঠিক কত রান করেছেন, তা বোর্ডের তরফে খোলসা করা হয়নি। কিন্তু ইংল্যান্ডে এসেই রাহুল রান পাওয়ায় স্বস্তিতে থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিনিয়র টিমের আগেই ইংল্যান্ডে এসে ভারতীয় ‘এ’ দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলেছিলেন রাহুল। সেই ম্যাচের প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫১ রান। অর্থাৎ ইংল্যান্ড তিনটি ইনিংস খেলে তিনটিতেই রান পেলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টানা তিনটি ইনিংসে রান পেলেন কেএল রাহুল। (ছবি সৌজন্যে BCCI)
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টানা তিনটি ইনিংসে রান পেলেন কেএল রাহুল। (ছবি সৌজন্যে BCCI)

অর্ধশতরান করলেন গিলও, বাড়াবে আত্মবিশ্বাসী

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রাহুলের পরেই যে ব্যাটারের নামার কথা, সেই শুভমন গিলও রান পেয়েছেন। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, ভারতীয় অধিনায়ক অর্ধশতরান করেছেন। গত কয়েকদিন নেট বেশ ছন্দে থাকার পরে এই ইনিংসটা নিশ্চিতভাবে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন: সূর্যোদয়ের দোরগোড়ায় রামধনুর দেশ! WTC জিততে চাই আর ৬৯ রান, দারুণ শতরান মার্করামের

কারণ ইংল্যান্ডে (সার্বিকভাবে টেস্টেও) গিলের পারফরম্যান্স মোটেও আহামরি নয়। বাড়তি চাপ হিসেবে যোগ হয়েছে অধিনায়কত্ব। খেলতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছাড়া। ফলে দলের জন্যে তাঁকে রান করতেই হবে। সেই পরিস্থিতিতে প্রাথমিক পদক্ষেপটা ঠিকঠাকই ফেলেছেন ভারতের নয়া অধিনায়ক।

জয়সওয়াল, জাদেজারা ব্যাটিং করেছেন?

তবে বাকি ভারতীয় ব্যাটাররা কেমন খেলেছেন, কে কত রান করেছেন, সে বিষয়ে বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। একেবারে রুদ্ধ দরজার পিছনে সেই ম্যাচ হওয়ায় স্পষ্ট তথ্য সামনে আসেনি। সংশ্লিষ্ট মহলের অবশ্য ধারণা, সম্ভবত প্রথম টেস্টের একাদশে যাঁরা থাকবেন, তাঁরা প্রথমে ব্যাটিং করেছেন। সেই তালিকায় করুণ নায়ার, রবীন্দ্র জাদেজাদের নাম থাকতে পারে। কিন্তু বোর্ডের তরফে তা নিশ্চিত করা হয়নি। গিল ও রাহুল ছাড়া শুধুমাত্র যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের ছবি পোস্ট করেছে বিসিসিআই।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত মা, ভরতি হাসপাতালে, তড়িঘড়ি ইংল্যান্ড থেকে ভারতে ফিরছেন গম্ভীর

উইকেট পেলেন ‘লর্ড’ শার্দুল ঠাকুর

তারইমধ্যে বোর্ডের তরফে জানানো হয়েছে, ম্যাচের প্রথম দিনে উইকেটের তালিকায় ‘লর্ড’ শার্দুল ঠাকুরের নাম আছে। যিনি গতবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। লোয়ার অর্ডারে খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংসও। আর এবার আন্তঃস্কোয়াড ম্যাচে উইকেট তুলে নিয়ে টেস্ট দলে জায়গা ঢোকার দাবি জোরালো করে তুললেন।

আরও পড়ুন: বাভুমার সহজ ক্যাচ মিস তো করলেনই, সঙ্গে নিজের কড়ে আঙুলে বড় চোট পেয়ে হাসপাতালে যেতে হল স্টিভ স্মিথকে- ভিডিয়ো

কিন্তু শার্দুলের বাকি সতীর্থ বোলাররা আন্তঃস্কোয়াড ম্যাচে কেমন খেলেছেন, উইকেট পেয়েছেন কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। প্রথম দিনের স্কোরকার্ডও জানানো হয়নি বোর্ডের তরফে। সংশ্লিষ্ট মহলের ধারণা, যে চারদিন রুদ্ধদ্বার প্র্যাকটিস ম্যাচ খেলবেন ভারতীয়রা, ততদিন হয়তো এরকমই খুচখাচ তথ্য দেওয়া হবে। ম্যাচের শেষে কিছুটা বিস্তারিতভাবে জানানো হতে পারে।