India-US Trade Deal Impact on Pak-B'desh: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির জেরে কান্নাকাটি শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের

একদিকে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ ডিলস স্বাক্ষর করেছে। একই সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বাণিজ্য চুক্তির অধীনে ভারতের উপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে এনেছেন।

Published on: Feb 04, 2026 11:53 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রথমে ইউরোপীয় ইউনিয়ন এবং এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ভারত। এর জেরে প্রবল ধাক্কা খেতে পারে প্রতিবেশী পাকিস্তান। জানা গেছে, ভারতের এই দুটি চুক্তিই পাকিস্তানের তুলো রফতানিতে প্রভাব ফেলতে পারে। এর জেরে বিশ্ববাজারে পাকিস্তানের অবস্থান দুর্বল হতে পারে বলে আশঙ্কা করছে সেই দেশের বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশের ওপরেও ভারত-মার্কিন চুক্তির প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ ও পাকিস্তানের ওপরে ভারত-মার্কিন চুক্তির প্রভাব পড়তে পারে
বাংলাদেশ ও পাকিস্তানের ওপরে ভারত-মার্কিন চুক্তির প্রভাব পড়তে পারে

একদিকে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ ডিলস স্বাক্ষর করেছে। একই সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বাণিজ্য চুক্তির অধীনে ভারতের উপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে এনেছেন। এই আবহে পাকিস্তানের কটন গিনার্স ফোরামের সভাপতি এহসানুল হক বর্তমান পরিস্থিতি নিয়ে বলেছেন, 'পাক সরকার যদি তুলো ও টেক্সটাইল শিল্পের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা না নেয় তবে পাকিস্তানের রফতানি মারাত্মকভাবে হ্রাস পেতে পারে। এই নিয়ে নয়া নীতিমালা আনতে দেরি করলে আঞ্চলিক পর্যায়ে পাকিস্তান পিছিয়ে পড়বে। যা বিশ্ববাজারে পাকিস্তানের অবস্থানকে দুর্বল করবে।'

এহসানুল হক আরও বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন ভারতীয় গার্মেন্টস পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনায় তা পাকিস্তানের শিল্পের জন্য উদ্বেগের। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়েছে। আর পাকিস্তানি পণ্যগুলির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে। শুল্ক হারে এই পার্থক্যের সুবিধা পাবে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানে উৎপাদন খরচ কমিয়ে ভারতের পর্যায়ে আসতে হবে। যাতে রফতানির দামে প্রতিযোগিতা করতে পারি আমরা।' কটন গিনার্স ফোরাম দাবি করেছে যে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা রিফান্ড ইস্যু করা হোক।

এদিকে ইউরোপ এবং ভারতের বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের কপালেও হাত পড়বে। কারণ এর আগে বাংলাদেশ শুল্কবিহীন ভাবে ইউরোপে পোশাক রফতানি করত। আর ভারতের পোশাক খাতের ওপর ধার্য ছিল ১২ শতাংশ শুল্ক। তবে এবার ভারতের পোশাকের ওপর থেকে শুল্ক শূন্যে নামতে চলেছে। এর জেরে বাংলাদেশ কড়া প্রতিযোগিতার মুখে পড়বে। এছাড়া বাংলাদেশের ওপর আমেরিকা ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে।