চালকের সঙ্গে করমর্দন! দুবাইয়ে পাবলিক বাসে ভারতীয় ধনকুবের, ভাইরাল ভিডিও
পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ইউসুফ আলি কেরলের থ্রিশার জেলার নাটিকায় জন্মগ্রহণ করেন।
বিশ্বের নামজাদা শিল্পপতিদের জীবনযাত্রা বিলাসবহুল গাড়ি, ব্যক্তিগত জেট এবং কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন সেই নিরাপত্তার বেড়াজাল ভেঙে একজন বিলিয়নেয়ারকে সাধারণ নাগরিকের মতো পাবলিক বাসে ভ্রমণ করতে দেখা যায়, তখন তা অবশ্যই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি দুবাইয়ের এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের ‘রিটেইল কিং’ খ্যাত ভারতীয় শিল্পপতি এম এ ইউসুফ আলি দুবাইয়ের একটি পাবলিক বাসে উঠেছেন।শুধু তাই নয় বাস চালকের সঙ্গে করমর্দনও করেন সংযুক্ত আরব আমিরশাশির সংস্থা লুলু গ্রুপের চেয়ারপার্সন। পাশাপাশি তিনি চালককে জিজ্ঞাসা করেন, 'কেমন আছেন? ঠিক আছেন তো?' এরপর তিনি বাসের অন্যান্য যাত্রীদের সঙ্গেও আলাপচারিতা করেন। এই পুরো দৃশ্য দেখা মনে হচ্ছিল, যেন একজন সাধারণ মানুষ পাবলিক বাসে ভ্রমণ করছেন। ইতিমধ্যে ভিডিওটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে এবং ব্যাপক ভাইরালও হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে নেটিজেনরা লিখেছেন, 'ইউসুফ আলি অত্যন্ত বিনয়ী ব্যক্তি। আরও একজন লিখেছেন, 'তিনি অত্যন্ত বিনয়ী। একবার, তিনি মরুভূমিতে নমাজ পড়ার জন্য তাঁর বিএমডব্লিউ গাড়ি থামিয়ে আমার কাছে একটি নমাজের পাটি চেয়েছিলেন। কিন্তু আমার কাছে তা ছিল না। এরপর তিনি কিছু কার্ডবোর্ডের টুকরো জোগাড় করে, তার উপর নমাজ পড়েছিলেন।'
সম্প্রতি ইউসুফ আলি ইনস্টাগ্রামে তার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন। দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম তাকে তার বই 'লেসনস ফ্রম লাইফ: পার্ট ১' উপহার দিয়েছেন। বইটিতে দুবাইয়ের শাসকের স্বাক্ষর ছিল। শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও। বইটির ছবি পোস্ট করে ইউসুফ আলি লিখেছেন, 'আমি সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছে কৃতজ্ঞ, তাঁর সর্বশেষ বই 'লেসনস ফ্রম লাইফ: পার্ট ১'-এর একটি স্বাক্ষরিত কপি আমাকে পাঠানোর জন্য। আমি নিশ্চিত যে বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম তাঁর জীবন থেকে অনেক কিছু শিখতে পারবে।'
এমএ ইউসুফ আলি কে?
পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ইউসুফ আলি কেরলের থ্রিশার জেলার নাটিকায় জন্মগ্রহণ করেন। তিনি লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও এমডি। এ প্রতিষ্ঠানের অধীনে রয়েছে বিশ্বজুড়ে বিস্তৃত চেইনশপ লুলু হাইপার মার্কেট এবং লুলু ইন্টারন্যাশনাল শপিং মল। ১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়সে ইউসুফ আলি আবুধাবিতে আসেন এবং কাকার ব্যবসায় কাজ শুরু করেন। ১৯৯০ সালে তিনি পণ্য আমদানি ও পাইকারি ব্যবসা শুরু করেন। এরপর গড়ে তোলেন সুপারশপ। লুলু হাইপারমার্কেট নামে তাঁর ব্যবসার যাত্রা শুরু হয়। ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে লুলু স্টোর গড়ে তোলেন তিনি।












