Indians in Iran Latest Update: ইরানের বিক্ষোভে গ্রেফতার ৬ ভারতীয়? উদ্বেগের মাঝে মুখ খুললেন রাষ্ট্রদূত

ইরানে ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। সেখানকার ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ক্রমশ ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে, ইরানে অনেক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ইরানে ভারতীয়দের গ্রেফতারির দাবি নিয়ে মুখ খুললেন নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। 

Published on: Jan 12, 2026 7:40 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানে ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। সেখানকার ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ক্রমশ ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে, ইরানে অনেক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তবে এই গুজব পুরোপুরি প্রত্যাখ্যান করলেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফতেহ আলি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় ও আফগান নাগরিকদের গ্রেফতার সম্পর্কিত প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা।

ইরানে ভারতীয়দের গ্রেফতারির দাবি নিয়ে মুখ খুললেন নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত (AP)
ইরানে ভারতীয়দের গ্রেফতারির দাবি নিয়ে মুখ খুললেন নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত (AP)

ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জনসাধারণকে যাচাই করে খবর বিশ্বাস কার আহ্বান জানান। এদিকে ইরানে আন্দোলন যত তীব্র হচ্ছে, ততই সেখানে পড়াশোনা করা ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) অনুসারে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ৫০০-রও বেশি লোক নিহত হয়েছে এবং কমপক্ষে ৩০টি প্রদেশে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

এই সবের মাঝেই সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের রাষ্ট্রদূত লেখেন, 'ইরানের ঘটনাবলী নিয়ে কিছু বিদেশি এক্স অ্যাকাউন্টে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি সবাইকে অনুরোধ করছি শুধুমাত্র নির্ভরযোগ্য উৎসের সংবাদের ওপর যেন তারা বিশ্বাস করেন।' উল্লেখ্য, তিনি একটি পোস্টের প্রতিক্রিয়ায় এই কথা লেখেন। উল্লেখিত পোস্টে দাবি করা হয়েছিল যে ইরানি পুলিশ ১০ জন আফগান এবং ৬ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। তবে ইরানি রাষ্ট্রদূত জানিয়ে দিলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ভারতের বহু পড়ুয়া ইরানে পড়াশোনা করেন। তবে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় অনেকেই বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এর জেরে ভারতে থাকা তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

ইরানে বিক্ষোভ তীব্র হওয়ার পর থেকেই সেখানকার সরকার প্রতিনিয়ত আন্তর্জাতিক গণমাধ্যমের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করে আসছে। কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। এদিকে, ইরানে পড়াশোনা করা ভারতীয় শিক্ষার্থীদের পরিবারকে স্বস্তি দিয়ে দুটি প্রধান মেডিক্যাল সংস্থা - অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএমএসএ) এবং ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ) যৌথভাবে একটি বিবৃতি জারি করে বলেছে যে ইরানে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা নিরাপদে রয়েছেন এবং আতঙ্কিত হওয়ার দরকার নেই। এআইএমএসএ এবং এফএআইএমএ-র সহ-সভাপতি ডঃ মহম্মদ মোমিন খান সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ইরানে আমাদের সমস্ত শিক্ষার্থী নিরাপদে রয়েছে। কোনও ধরনের গুজব নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তিনি বলেন, উভয় সংস্থাই ইরানের বিভিন্ন অংশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি আপডেট পেয়েছে। ডঃ খানের মতে, অনেক শিক্ষার্থী ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তাদের পরিবারের কাছে বার্তা পাঠিয়েছেন যে বর্তমানে পরিস্থিতি উদ্বেগজনক হওয়া সত্ত্বেও তাঁরা নিরাপদে রয়েছেন। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ভারতীয় দূতাবাস সব সময় পরিস্থিতির ওপর নজর রাখছেন। শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।