ইন্ডিগোর বিপর্যয়ের জেরে দেশজুড়ে একের পর এক বিমান বাতিল হয়েছে। দেরিতে চলেছে অসংখ্য বিমান। সেই আবহে ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত যাত্রীদের ৬১০ কোটি টাকার বেশি রিফান্ডের প্রক্রিয়া শুরু করেছে।
ইন্ডিগোর বিপর্যয়ের জেরে দেশজুড়ে একের পর এক বিমান বাতিল হয়েছে। দেরিতে চলেছে অসংখ্য বিমান। সেই আবহে ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত যাত্রীদের ৬১০ কোটি টাকার বেশি রিফান্ডের প্রক্রিয়া শুরু করেছে। শুধু তাই নয়, শনিবার পর্যন্ত সারা দেশে যাত্রীদের কাছে ৩,০০০টি ব্যাগ সরবরাহ করা হয়েছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, গতকাল যেখানে ১,৫০০টি বিমান চালানো হয়েছিল, আজ ১,৬৫০টির বেশি বিমান চালানো হচ্ছে। যে ১৩৮টি জায়গায় ইন্ডিগো পরিষেবা দেয়, তার মধ্যে ১৩৭টি জায়গায় যাচ্ছে। আর নির্ধারিত সময় চলছে ৭৫ শতাংশ বিমান। যা গতকাল ৩০ শতাংশের মতো ছিল। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সমস্ত টিকিট বাতিল বা যাত্রার তারিখ পরিবর্তনের আবেদনে বাড়তি কোনও টাকা নেবে না।
বিমান বাতিল, কেঁদে ফেলেছেন এক যাত্রী। (ছবি সৌজন্যে এএনআই)
উল্লেখ্য, ইন্ডিগোর বিমান বাতিলের জেরে বহু যাত্রী সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলিতে আটকে পড়েছেন। এই আবহে বড় পদক্ষেপ রেলের। ৩৭টি প্রিমিয়াম ট্রেনে ১১৬টি বাড়তি কামরা সংযোজন করেছে রেল। এই নিয়ে রেল মন্ত্রক বিবৃতি জারি করে বলেছে, যে সব রুটে চাহিদা বেশি, সেগুলিতে ৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার কোচ জুড়েছে রেল। এছাড়াও রেল চারটি স্পেশাল ট্রেন চালাচ্ছে।
ডিভিশনগুলির মধ্যে সবচেয়ে বেশি ১৮টি ট্রেনে কোচ জুড়েছে দক্ষিণ রেল। এদিকে উত্তর রেল আটটি ট্রেনে বাড়তি থার্ড এসি এবং চেয়ার কার কোচ জুড়েছে। এদিকে পশ্চিম রেল ৪টি ট্রেনে অতিরিক্ত থার্ড এসি এবং ২ টায়ার কোচ জুড়েছে। পূর্ব রেল বিহার-দিল্লি রুটে একটি ট্রেনে বাড়তি ২ এসি কোচ জুড়েছে। এছাড়াও আরও তিনটি ট্রেনে অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ জুড়েছে পূর্ব রেল। এদিকে ইস্টকোস্ট রেল ভুবনেশ্বর-নয়াদিল্লি রুটে একাধিক ট্রেনে বাড়তি ২ এসি কামরা জুড়েছে। এদিকে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেল দুটি গুরুত্বপূর্ণ ট্রেনে বাড়তি থার্ড এসি এবং স্লিপার কোচ যুক্ত করেছে।