ইন্ডিগোর উড়ান বাতিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এরই মাঝে আবার ইন্ডিগোর একটি বিমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এর কারণে হায়দরাবাদগামী একটি ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের মদিনা থেকে হায়দরাবাদগামী ফ্লাইট নং ৬ই০৫৮-কে বোমা মারার হুমকি দেওয়া হয়। সেই বিমানটি আমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দর সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, বিমানটিতে ১৮০ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
বিমানটি দুপুর সাড়ে ১২টার দিকে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানটিতে তল্লাশি চালানো হয়। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এছাড়া সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও সহায়তার জন্য মোতায়েন করা হয়। অবশ্য প্রাথমিক তল্লাশির সময় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার দিল্লি থেকে ৩৩, হায়দরাবাদ থেকে ৬৮, মুম্বই থেকে ৮৫টি এবং বেঙ্গালুরু থেকে ৭৩টি ইন্ডিগোর ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে আজ ৩০০টি উড়ান বাতিল করা হয়েছে। এর আগে বুধবার দিল্লি বিমানবন্দরে কমপক্ষে ৬৭টি ফ্লাইট বাতিল করা হয়েছিল, বেঙ্গালুরুতে ৪২টি, হায়দরাবাদে ৪০টি এবং মুম্বই ৩৩টি উড়ান বাতিল করেছিল ইন্ডিগো।
এই আবহে বৃহস্পতিতেই ডিজিসিএ-র তরফ থেকে ইন্ডিগো কর্তাদের বৈঠকের জন্য তলব করেছিল। এই আবহে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চেয়ে ইন্ডিগোর কাছ থেকে জবাব তলব করেছে ডিজিসিএ। উল্লেখ্য, নভেম্বরে ইন্ডিগোর মোট ১২৩২টি উড়ান বাতিল হয়েছিল। এর মধ্যে ৭৫৫টি উড়ান বাতিল হয়েছিল ক্রু ঘাটতি এবং ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বিধি কার্যকর হওয়ার জেরে। আর গত মঙ্গলবার থেকে বিমানসংস্থাটির ঠিকমতো পরিষেবা প্রদানের হার মাত্র ৩৫ শতাংশে নেমে এসেছে। মঙ্গলবার ১,৪০০-রও বেশি উড়ানের সময়সূচিতে রদবদল করতে হয়েছে ইন্ডিগো-কে। এর জেরে বিবৃতি জারি করে ইন্ডিগো বলে, 'বিগত কয়েকদিনে ইন্ডিগোর কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে ব্যাহত হয়েছে। আমরা আমাদের গ্রাহকদের কাছে এই অসুবিধার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচির মতো নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে।'
News/News/IndiGo Flight Bomb Scare: বাতিল ৩০০-র বেশি উড়ান, তারই মাঝে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ অন্য শহরে