IndiGo: যাত্রী-ভোগান্তির ক্ষতিপূরণে 'ট্র্যাভেল ভাউচার', কত টাকার ছাড় মিলবে?
ইন্ডিগো ইতিমধ্যেই জানিয়েছে, তারা এখন প্রতিদিন ১,৯০০-র বেশি বিমান চালাচ্ছে এবং ১৩৮টি গন্তব্যে পরিষেবা দিচ্ছে।
ডিসেম্বরের শুরু থেকেই দেশজুড়ে একের পর এক বিমান বাতিলের জেরে হয়রানির শিকার হয়েছে বহু যাত্রী। বিগত কিছুদিন ধরেই ইন্ডিগোর বিমান বিপর্যয়ের ঠিক এমনই ছবি সামনে আসে। যা নিয়ে উড়ান সংস্থার বিরুদ্ধে আগেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন যাত্রীরা। ইন্ডিগো বিভ্রাটের পরই বিমানসংস্থাগুলিকে কড়া হঁশিয়ারি দিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এই আবহে অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের জন্য প্রায় ১০ হাজার টাকার ক্ষতিপূরণ হিসেবে 'ট্র্যাভেল ভাউচার'ঘোষণা করল ইন্ডিগো।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, ৩ থেকে ৫ ডিসেম্বর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিষেবা। বিমান বাতিলের জন্য ওই তিন দিন যত জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, তাঁদের ১০ হাজার টাকার ভাউচার দেওয়া হবে। তারা আরও বলেছে, ‘এই ট্রাভেল ভাউচারগুলি আগামী ১২ মাসের জন্য ইন্ডিগোর যে কোনও ফ্লাইটে ব্যবহার করা যাবে।’ বিমান সংস্থার দাবি, যে সব বিমান বাতিল হয়েছে সেগুলির টিকিটের রিফান্ড ইতিমধ্যেই যাত্রীদের দেওয়া হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, গ্রাহক সেবা তাদের 'সব সময় অগ্রাধিকার।' সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে বাতিল হওয়া ফ্লাইটের জন্য টাকা ফেরত পাঠিয়ে দিয়েছে কোম্পানি। ইতিমধ্যেই বহু লেনদেন সম্পন্ন হয়েছে, বাকিগুলি শীঘ্রই পাঠানো যাবে বলে আশা করা হচ্ছে। সংস্থার দাবি, গত চার দিন ধরে তাদের সব পরিষেবা স্বাভাবিক চলছে। গত তিন দিনে একই দিনের কোনও বিমান বাতিল হয়নি। শুধু আবহাওয়া প্রযুক্তিগত সমস্যার কারণে কয়েকটি বিমান বাতিল করতে হয়েছে, তা ছাড়া সব পরিষেবা চলছে ঠিকঠাক।
ইন্ডিগো ইতিমধ্যেই জানিয়েছে, তারা এখন প্রতিদিন ১,৯০০-র বেশি বিমান চালাচ্ছে এবং ১৩৮টি গন্তব্যে পরিষেবা দিচ্ছে। নির্ধারিত সময় উড়ান এবং পরিষেবার মানও ক্রমশ উন্নত হচ্ছে বলে দাবি সংস্থার। ভারতের সবচেয়ে ব্যস্ত ও বড় বিমানসংস্থাগুলির মধ্যে অন্যতম ইন্ডিগো প্রতিদিন সাধারণত ২ হাজার ৩০০টির মতো উড়ান চালায়। তবে গত সপ্তাহজুড়ে ব্যাপক বিশৃঙ্খলার কারণে শনিবার সেই সংখ্যা নেমে যায় ১ হাজার ৫০০-তে, রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৫০। এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে উঠে এসেছে, কর্মী সংকট। ডিজিসিএর নতুন নিয়ম অনুযায়ী পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম দিতে গিয়ে উড়ান পরিচালনায় বিপর্যয় দেখা দেয়।
অন্যদিকে, ইন্ডিগো এয়ারলাইন্সের এই চরম সংকটে 'নিঃশর্ত ক্ষমা' চাইলেন সংস্থার চেয়ারম্যান। নিজের ভুল স্বীকার করে, ক্ষমা চেয়ে ইন্ডিগো বোর্ডের চেয়ারম্যান বিক্রম সিং মেহতা বলেছেন, 'আপনাদের হতাশ করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।' তিনি বলেন, 'গত বেশ কয়েকদিন ধরেই বিবৃতি জারি করার চাপ ছিল৷ কিন্তু, অগ্রাধিকার ছিল ব্যবস্থাপনা এবং পরিচালন সংক্রান্ত কার্যক্রম উন্নত করা এবং যাত্রীদের সাহায্য করা। এখন, ইন্ডিগোর ফ্লাইট স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। প্রতিদিন ১,৯০০০টিরও বেশি ফ্লাইট চলাচল করছে। ১৩৮টি গন্তব্যের সবকটিতেই সংযোগ রয়েছে। সময়মতো কাজ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কোম্পানি স্বীকার করছে যে, এই সমালোচনা ন্যায্য এবং কিছু ভুল ছিল।'












