Iran-India Business Updates: ইরানের সাথে ব্যবসা করলে ২৫% শুল্ক চাপাবেন ট্রাম্প, ভারত-ইরান বাণিজ্য কত বিলিয়নের, জানেন?

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, ইরানের সঙ্গে চিনি, চা, ওষুধ, ড্রাই ফ্রুটসের মতো অনেক জিনিসের ব্যবসা করে ভারত।

Published on: Jan 13, 2026 7:46 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। এবার সেই একই ভাবে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, ইরানের সঙ্গে চিনি, চা, ওষুধ, ড্রাই ফ্রুটসের মতো অনেক জিনিসের ব্যবসা করে ভারত। অবশ্য এই শুল্ক ভারতের ওপরও কার্যকর হয়েছে কি না, সেই সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে চিনি, চা, ওষুধ, ড্রাই ফ্রুটসের মতো অনেক জিনিসের ব্যবসা করে ভারত।
ইরানের সঙ্গে চিনি, চা, ওষুধ, ড্রাই ফ্রুটসের মতো অনেক জিনিসের ব্যবসা করে ভারত।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা দেশ যদি আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চায়, তাহলে তাদের ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এই আদেশটি চূড়ান্ত। এই বিষয়টির ওপর নজর দেওয়ার জন্য ধন্যবাদ।' এদিকে জানা গিয়েছে, চিন, ব্রাজিল, তুরস্ক ও রাশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করছে। তেহরানে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ভারত ও ইরান প্রধান বাণিজ্যিক অংশীদার। ইরানে চাল, চা, চিনি, ওষুধ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কৃত্রিম গয়না ইত্যাদি রফতানি করে ভারত। একইসঙ্গে, ইরানের থেকে শুকনো ফল, অজৈব/জৈব রাসায়নিক, কাঁচের জিনিসপত্র ইত্যাদি আমদানি করে ভারত।

ভারতের বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত-ইরান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১.৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারত রফতানি করেছে ১.২৪ বিলিয়ন ডলারের পণ্য। এদিকে ইরানের চাবাহার বন্দরের টার্মিনাল অপারেট করার দায়িত্ব রয়েছে ভারতের ওপর। এই বন্দর দিয়েই আবার ভারত-রাশিয়ার বাণিজ্য করিডোর রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগ আরও সুদৃঢ় হয়েছে। এদিকে চাবাহার থেকে জাহেদান পর্যন্ত রেল নেটওয়ার্ক গড়ে তোলার কাজ চলছিল। ২০২৬ সালের মধ্যে সেই প্রকল্প সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে ইরানের পরিস্থিতি অস্থিতিশীল থাকলে তা ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে। চাবাহার বন্দর সংশ্লিষ্ট প্রকল্প বিলম্বিত হতে পারে।

এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচির ভারত সফরে আসার কথা ছিল কয়েকদিন আগেই। তবে ইরানে চলমান বিক্ষোভ এবং আমেরিকার হুমকির আবহে সেই সফর আপাতত বাতিল হয়। এদিকে ইরানের ঘটনাবলীর ওপর ভারত নজর রেখে চলেছে। ভারতের বহু পড়ুয়া ইরানে ডাক্তারি পড়তে যায়। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। এদিকে ইরানের আন্দোলনে ভারতীয়দের গ্রেফতার করা হয়েছে বলে গুজব রটেছিল। তা উড়িয়ে দিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।