Iran Protest Latest Update: খামেনেই বিরোধী আন্দোলনে প্রথম মৃত্যুদণ্ড, রাস্তায় নিহত অন্তত ৬০০ বিক্ষোভকারী
এখনও পর্যন্ত ৬০০-র বেশি মানুষকে খুন করেছে ইরানি কর্তৃপক্ষ। এদিকে আটক হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষকে। তাদেরই মধ্যে একজনকে এবার ফাঁসির সাজা শোনানো হল ইরানে। প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সি ইরফান সুলতানিকে গত ৮ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল।
বিদ্রোহের আগুনে এই মুহূর্তে জ্বলছে ইরান। খামেনেই বিরোধী বিক্ষোভের মধ্যে এখনও পর্যন্ত ৬০০-র বেশি মানুষকে খুন করেছে ইরানি কর্তৃপক্ষ। এদিকে আটক হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষকে। তাদেরই মধ্যে একজনকে এবার ফাঁসির সাজা শোনানো হল ইরানে। প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সি ইরফান সুলতানিকে গত ৮ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগেই ইরফানকে গ্রেফতার করা হয়েছিল। তেহরানের কারাজের শহরতলির ফারদিসের বাসিন্দা ইরফান সুলতানি। মানবাধিকার সংগঠন হেঙ্গাও ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ জানুয়ারি এই সাজা কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে, ইরান অতীতেও ভিন্নমতকে দমন করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই গুলি চালিয়ে তা কার্যকর করা হয়েছিল। প্রতিবেদন অনুসারে, সুলতানিকে ফাঁসি দেওয়া হবে। চলমান বিক্ষোভে প্রথমবারের মতো কোনও আন্দোলনকারীকে ফাঁসি দেওয়া হবে ইরানে।
এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পহলভি। ইরানি কর্মকর্তারা বলছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ বৈধ, কিন্তু যারা অস্থিরতা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণের জীবিকা নির্বাহের বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর বিরুদ্ধে প্রবল আন্দোলনে নেমেছেন ইরানের জনগণ। মুদ্রাস্ফীতি ও অর্থনীতির অবনতির ইস্যুতে এই বিক্ষোভের সূত্রপাত। রাজধানী তেহরানসহ ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। ইরানি বাহিনীকে বহু জায়গায় তাড়া করছে সাধারণ মানুষ। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে জনরোষ ইরানের পথেঘাটে দেখা গিয়েছিল, তারপর থেকে এটাই সবচেয়ে বড় আন্দোলন সেই দেশে। তবে তেহরান বলছে, এর পেছনে রয়েছে আমেরিকা। অনেক জায়গায় নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পহলভির নামে স্লোগানও দিচ্ছেন মানুষ। এর আগে ১৯৭৯ ইসলামি বিপ্লবের সময় তৎকালীন রাজা তথা রেজার বাবা ইরান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
এদিকে এই সবের মাঝেই ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, ইরানের সঙ্গে চিনি, চা, ওষুধ, ড্রাই ফ্রুটসের মতো অনেক জিনিসের ব্যবসা করে ভারত। অবশ্য এই শুল্ক ভারতের ওপরও কার্যকর হয়েছে কি না, সেই সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। ভারতের বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত-ইরান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১.৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারত রফতানি করেছে ১.২৪ বিলিয়ন ডলারের পণ্য।
E-Paper











