Jamaat Islami Leader Murdered: ইউনুসের আইনশৃঙ্খলাহীন বাংলাদেশে নিজের ফ্ল্যাটে খুন জামাত নেতা

নিহত আনোয়ার ঢাকার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলেন। জানা গিয়েছে, বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে একটি ফ্ল্যাটে বাস করতেন আনোয়ার। সেই ফ্ল্যাটে ঢুকেই দুষ্কৃতীরা খুন করে জামাত নেতাকে।

Published on: Jan 14, 2026 1:04 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মহম্মদ ইউনুসের বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা বলে কিছু আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এমনিতেও সেখানে পুলিশ 'অকর্মণ্য'। এই কারণে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে। এর মাঝেও বাংলাদেশে খুন-চুরি হয়েই চলেছে। এই আবহে ঢাকায় নিজের বাড়িতে খুন হলেন এক জামাতে ইসলামি নেতা। মৃতের নাম আনোয়ার উল্লাহ।

ইউনুসের আইনশৃঙ্খলাহীন বাংলাদেশে নিজের ফ্ল্যাটে খুন জামাত নেতা
ইউনুসের আইনশৃঙ্খলাহীন বাংলাদেশে নিজের ফ্ল্যাটে খুন জামাত নেতা

জানা গিয়েছে, নিহত আনোয়ার ঢাকার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলেন। জানা গিয়েছে, বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে একটি ফ্ল্যাটে বাস করতেন আনোয়ার। সেই ফ্ল্যাটে ঢুকেই দুষ্কৃতীরা খুন করে জামাত নেতাকে। পুলিশের দাবি, চুরি করতেই দুষ্কৃতীরা ঢুকেছিল জামাত নেতার বাড়িতে। সেই সময়ই নাকি শ্বাসরোধ করে খুন করা হয় আনোয়ারকে। তবে খুনিদের এখনও গ্রেফতার করা যায়নি। খুনিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে চুরি ছাড়া অন্য কোনও কারণে এই খুনের ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও পুলিশ তদন্ত চালাচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, ১৩ জানুয়ারি দুপুর নাগাদ ফ্ল্যাটে আনোয়ার এবং তাঁর স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা। পরে তদন্তে নেমে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায়, স্থানীয় সময় ভোররাত ২টো ১০ থেকে ২টো ২০ মিনিট পর্যন্ত ২ ব্যক্তি ফ্ল্যাটের গ্রিল কেটে প্রবেশ করে ফ্ল্যাটে। তার ২ ঘণ্টা পরে তারা বেরিয়ে যায় সেখান থেকে। পুলিশ জানায়, প্রায় ৯০ গ্রাম সোনা, নগদ পাঁচ লাখ টাকা চুরি গিয়েছে বাড়ি থেকে। পরে প্রতিবেশীরা আনোয়ার এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জামাত নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর স্ত্রী এখনও চিকিৎসাধীন আছেন।

আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামাত ঢাকা উত্তর ইউনিটের প্রধান মহম্মদ সেলিম উদ্দিন। খুনির গ্রেফতারির দাবি তুলেছেন তিনি। জামাতের তরফ থেকে বলা হয়, পরপর রাজনৈতিক ব্যক্তিদের খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি না দিতে পারলে ইউনুস সরকারের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাবে।