Lashkar terrorist on Pak-Bangladesh: পাক-বাংলাদেশের 'প্রেম' বাড়ায় খুব খুশি লস্কর জঙ্গি! বলল ‘আমরা ভাই, এক চিন্তা…..’
পাকিস্তান এবং বাংলাদেশের 'প্রেম' বাড়ায় খুব খুশি পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার জঙ্গি সাইফুল্লাহ কাসুরি। বাংলাদেশের উদ্দেশে বলল ‘আমরা ভাই।’ শেখ হাসিনা সরকারের পতনের পরই পাকিস্তান এবং বাংলাদেশের 'প্রেম' বেড়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পরে পাকিস্তান ও বাংলাদেশের দহরম-মহরম বৃদ্ধি পেয়েছে। আর সেই বিষয়টিকে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার জঙ্গি সাইফুল্লাহ কাসুরি স্বাগত জানাল বলে অভিযোগ উঠল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের উন্নতি হয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে লস্করের জঙ্গি। দু'দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে ‘আমরা ভাই’ বলেও মন্তব্য করেছে। সেইসঙ্গে পাকিস্তানি জঙ্গি বলেছে, 'আল্লাহ যেন দু'দেশকে আরও কাছাকাছি নিয়ে আসেন। একই চিন্তাভাবনা, একই দুশ্চিন্তা, একই দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাওয়ার জন্য যেন আশীর্বাদ দেন।'
পাকিস্তান এবং বাংলাদেশের 'প্রেম' বাড়ায় খুব খুশি পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার জঙ্গি সাইফুল্লাহ কাসুরি। (ফাইল ছবি, সৌজন্যে এক্স)
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কেন খুশি লস্কর?
সেই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই বলতে শুরু করেছেন, পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়ায় লস্কর যে কেন খুশি হয়েছে, সেটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। আর সেই বিষয়টি ভারতের জন্য উদ্বেগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি যদি বাংলাদেশে ‘খোলা ময়দান’ পায়, তাহলে সেটা ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর চেষ্টাও করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাক সেনা নিয়ে বিস্ফোরক লস্কর জঙ্গি
এমনিতেই কাসুরির আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় পাকিস্তানের সেনার সঙ্গে লস্করের গভীর সম্পর্কের কথা তুলে ধরতে শোনা গিয়েছে। কাসুরি বলতে শোনা গিয়েছে, জওয়ানদের শেষকৃত্যের সময় জানাজার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল পাক সেনা। ভিডিয়োটির সঠিক সময় এখনও জানা যায়নি। তবে তাকে একটি স্কুলে পড়ুয়াদের উদ্দেশে এই ভাষণ দিতে দেখা যায়। কাসুরির কথায়, 'পাকিস্তান সেনাবাহিনী আমাকে জানাজার নমাজ পড়ার জন্য আমন্ত্রণ জানায়। আপনি কি জানেন যে ভারতও আমায় ভয় পায়?'
পাক সেনার সহায়তা পায় লস্কর
আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসায় ফের একবার ভারতের দাবি সঠিক বলে প্রমাণিত হল। ভারত প্রথম থেকেই বলে এসেছে, পাকিস্তানের রাষ্ট্রীয় মদতে ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ চালানো হচ্ছে। গত বছর এপ্রিলে পহেলগাঁও হামলায় ২৬ জনকে হত্যার ঘটনায় লস্কর-ই-তৈবা যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে 'ঘনিষ্ঠভাবে' কাজ করেছিল, সেই প্রমাণও ইতিমধ্যে মিলেছে।
News/News/Lashkar Terrorist On Pak-Bangladesh: পাক-বাংলাদেশের 'প্রেম' বাড়ায় খুব খুশি লস্কর জঙ্গি! বলল ‘আমরা ভাই, এক চিন্তা…..’