দেশজুড়ে 'মেসি ঝড়!' PM মোদীর সঙ্গে সাক্ষাৎ আর্জেন্টাইন কিংবদন্তির, কবে-কোথায়? কলকাতার বিশৃঙ্খলায়...

কলকাতার অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলার পর এখন আরও বেশি সতর্ক দিল্লি পুলিশ।

Published on: Dec 14, 2025 10:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তিনদিনের ভারত সফরে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। তাঁর ভারত সফরের দ্বিতীয় দিন, তৃতীয় পর্ব শুরু হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মেজাজে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার পর ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র তিন নম্বর গন্তব্য মুম্বই। আর মায়া নগরীর-পর্বের পর মেসির সফরের শেষ গন্তব্য দিল্লি। সব কিছু ঠিক থাকলে সোমবার আর্জেন্টিনার তারকা ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিরাট কোহলি ও মেসির সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।

দেশজুড়ে 'মেসি ঝড়!' (@revanth_anumula X)
দেশজুড়ে 'মেসি ঝড়!' (@revanth_anumula X)

মুম্বইয়ে 'মেসি জ্বর'

দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার ভারতে এসেছেন লিওনেল মেসি। শনিবার কলকাতায় এসে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসালেও, যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলার রেশকে সঙ্গী করেই তিনি শহর ছাড়েন। দুপুরে কলকাতা থেকে হায়দরাবাদ পৌঁছন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ঠিক এই সময়েই সামনে আসে আর এক বড় খবর, লন্ডন থেকে স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে মুম্বই ফিরেছেন বিরাট কোহলি। এরপরেই দুই মহাতারকার একসঙ্গে দেশে আসা নিয়ে জল্পনা শুরু হয়, মুম্বইয়ে কী তবে মুখোমুখি হবেন মেসি ও বিরাট? লিওনেল মেসি বাণিজ্যনগরীতে মায়াজাল বুনেছেন। রবিবার বিকেলে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল গোট কাপে অংশ নেন মেসি। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে নজরকাড়া এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন রড্রিগো দি'পল ও লুইস সুয়ারেজও। ওয়াংখেড়েতে হাইপ্রোফাইল অতিথিরা থাকবেন। কলকাতায় শাহরুখ খানের সঙ্গে হোটেলে সাক্ষাৎ হয়েছিল মেসির। কিং খানের ঘরের মাঠে ফের মেসি-সাক্ষাৎ হবে। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতার ঘটনার পর কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই ওয়াংখেড়ে ও তার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক দর্শক জমায়েত হওয়ায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তবে চমক আরও রয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ে একটি র‍্যাম্প শোতে অংশ নেওয়ার কথা তিন ফুটবলারের। মেসি, সুয়ারেজ, দি পলদের সঙ্গে র‍্যাম্প শোয়ে হাঁটতে দেখা যাবে জন আব্রাহাম, করিনা কপূর ও জ্যাকি শ্রফকেও। একটি সেভেন ম্যান ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে। যেই ম্যাচে অংশ নেবেন ক্রিকেটাররা ও বলিউড তারকারা।

দিল্লিতে 'মেসি ঝড়'

মেসি তাঁর সফরের চতুর্থ তথা শেষ পর্যায়ে ১৫ ডিসেম্বর দেশের রাজধানীতে থাকবেন। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। তারপর অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা এলএম টেনের। কলকাতার অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলার পর এখন আরও বেশি সতর্ক দিল্লি পুলিশ। দিল্লির পরিস্থিতি যাতে কলকাতার মতো না হয়, সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান সফল করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মেসিকে দেখার জন্য হাজার হাজার ফুটবল ভক্ত অরুণ জেটলি স্টেডিয়ামে জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের মতো ম্যাচের সময় ভিড় ব্যবস্থাপনায় দিল্লি পুলিশের অভিজ্ঞতা রয়েছে। তাই মেসির অনুষ্ঠান চলাকালীন কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম।

কলকাতায় চরম বিশৃঙ্খলা ও পদক্ষেপ

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার পরে সন্ধ্যায় সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু যুবভারতীর দরজা বন্ধ থাকার কারণে তাঁকে ফিরে যেতে হয়। রবিবার ফের একবার ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে বোস জানান, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কী করণীয়, সেই সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে করেছেন তিনি। রাজ্যকে ১২টি বিষয় উল্লেখ করে একটি নির্দেশিকা দিয়েছেন। পাশাপাশি তিনি একাধিক প্রস্তাব-সহ একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং নির্দিষ্ট স্পোর্টস অথরিটিকে দেবেন বলেও জানান। এদিন রাজ্যপাল শনিবারের ঘটনাটিকে ‘সিস্টেমিক ফেলিওর’ বলে উল্লেখ করেন। কী ভাবে এই ঘটনা ঘটল, আয়োজক সংস্থার কী ভূমিকা ছিল, পুলিশের ভূমিকাই বা কী ছিল, কোনও ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কিনা, তা খতিয়ে দেখার কথা বলেন তিনি। যুবভারতী পরিদর্শনের পরে রাজ্যপাল বলেন, ‘এ ঘটনা সমস্ত ফুটবলপ্রেমী, বিশেষ করে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করা উচিত।’

অন্যদিকে, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে যুবভারতী-কাণ্ডের তদন্ত করছে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি। সেই মতো মাঠ ও গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন বিচারপতি। এরপর বেরিয়ে জানিয়ে দিয়েছেন, এখনই কাটাছেঁড়া নয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়েছে। সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্টে সে সবের উল্লেখ থাকবে। অসীমকুমার রায় বলেন, 'এখনই কাটাছেঁড়া করবেন না। আমরা সক্রিয় ভাবে সবদিক তদন্ত করে দেখছি। আমরা যা যা দেখেছি, তার নোট নিয়েছি। আমাদের রিপোর্টে সব কিছুর উল্লেখ থাকবে।' কার গাফিলতিতে শনিবার এত বড় বিশৃঙ্খলা ঘটে গেল যুবভারতীতে? এই প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, 'এই মুহূর্তে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এখনই কিছু বলতে পারব না।' স্টেডিয়াম থেকে বেরোনোর সময় অবসরপ্রাপ্ত বিচারপতির এক পাশে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, অন্য পাশে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তাঁরাও তদন্ত কমিটিতে রয়েছেন। যদিও তাঁরা কেউই সাংবাদিকদের সামনে মুখ খোলেননি।