পালিয়ে নিস্তার নেই! থাইল্যান্ড থেকে ভারতের ফেরত পাঠানো হল ‘লুথরা ব্রাদার্স’-দের, গ্রেফতার...
তদন্তকারীরা ইতিমধ্যেই ‘লুথরা ব্রাদার্স’-এর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছেন, চার্জশিট তৈরির পথে।
গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিলের মধ্যেই থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন তাঁরা। অবশেষে থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল গোয়ার ‘অভিশপ্ত’ নাইটক্লাবের দুই মালিক ‘লুথরা ব্রাদার্স’ ওরফে সৌরভ এবং গৌরব লুথরাকে। হিন্দুস্তান টাইমসকে গোয়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘লুথরা ব্রাদার্স’-দের বিমানের শেষ সারিতে বসানো হয়েছিল। তাঁদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ৪–৫ জন সদস্যও ছিলেন। অন্য যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই লুথরা ভাইদের বিমানের শেষ সারিতে বসানো হয়।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সৌরভ ও গৌরব লুথরার বিমান। সেখানে উপস্থিত থাকবে গোয়া পুলিশ, বিমানবন্দরেই তাদের গ্রেফতার করা হবে। সূত্রের খবর, সম্ভবত মঙ্গলবার রাতেই গোয়া পুলিশ লুথরা ব্রাদার্সকে নিজেদের হেফাজতে নিয়ে গোয়ায় নিয়ে যাবে। এইচটি-কে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'গোয়া পুলিশের একটি দল আজ রাতের দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। লুথরা ভাইরা বিমানবন্দর থেকে বের হতেই তাঁদের হেফাজতে নেওয়া হবে।' যথাযথ নিরাপত্তা অনুমতি ছাড়াই নাইটক্লাব চালানোর অভিযোগে ব্যাংকক থেকে ‘লুথরা ব্রাদার্স’-দের দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবারই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তাঁদের ট্রানজিট রিমান্ডের জন্য হাজির করা হবে এবং রাতের মধ্যে গোয়া পুলিশের একটি দল লুথরা ভাইদের গোয়ায় নিয়ে যাবে।
গোয়া সরকার বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ আইনি দল গঠন করেছে। ভারতীয় দণ্ডবীধির ১০৫, ১২৫, ১২৫(এ), ১২৫(বি)-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই ‘লুথরা ব্রাদার্স’-এর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছেন, চার্জশিট তৈরির পথে। এফআইআর অনুযায়ী, অভিযুক্ত গৌরব ও সৌরভ লুথরা যথাযথ সতর্কতা অবলম্বন না করে, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা না রেখেই ক্লাবে ফায়ার শো-র আয়োজন করেছিল। অনুমান, এই ফায়ার শো-র জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে মৃত্যু হয় ২৫ জনের। কৃর্তৃপক্ষ জানিয়েছেন, মৃতদের মধ্যে ২০ জনই ক্লাবের কর্মী। বাকি পাঁচজন অন্য রাজ্য থেকে বেড়াতে এসেছিলেন গোয়ায়। তদন্তে জানা যায়,গৌরব ও সৌরভ লুথরা নাইটক্লাবটি প্রয়োজনীয় অনুমতি বা লাইসেন্স ছাড়াই চালাচ্ছিল। এখনও পর্যন্ত গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি নাইটক্লাবটির আরও এক মালিক অজয় গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার বিদেশে আটক অন্যতম দুই মালিক। তবে এখনও অধরা নাইটক্লাবটির অংশীদার সুরেন্দ্রকুমার খোসলা। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিশ।












