Mohsin Naqvi of PCB: আইসিসির ইয়র্কারে নাক কাটার পর নকভি মুখ বাঁচানোয় ব্যস্ত!বলছেন,'আমরা বাংলাদেশের..'

শেষমেশ যে ম্যাচ থেকে মুখ ফিরিয়েছিল পাকিস্তান, সেই ম্যাচই খেলতে হচ্ছে তাদের। উঠে এল নকভির নয়া বক্তব্যও!

Published on: Feb 10, 2026 11:04 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

না খেলার অবস্থান থেকে যে খেলার পক্ষে গিয়ে পাকিস্তান স্টান্স নেবে, তা আগেই বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কণ্ঠে চর্চায় ছিল। সোমবার সেই হিসাবই কার্যত বাস্তবে এল! টি২০ বিশ্বকাপ ২০২৬ এ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে শেষমেশ খেলার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র ৮ দিনের মাথায় পাকিস্তান নিজের অবস্থান বদল করে ফেলল! পিসিবি চিফ মহসিন নকভির এহেন, বারবার অবস্থান বদল নিয়ে চর্চায় রয়েছে নেটপাড়াও। এদিকে, এভাবে নাক কাটার পর এবার মুখ বাঁচাতে নকভি নতুন সাফাই দিতে শুরু করেছেন।

মহসিন নকভি (C).
মহসিন নকভি (C).

শেষমেশ যে ম্যাচ থেকে মুখ ফিরিয়েছিল পাকিস্তান, সেই ম্যাচই খেলতে হচ্ছে তাদের। এইভাবে ব্যাকফুটে যাওয়া পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান এবার মুখ বাঁচাতে বলছেন,' আমরা নিজেদের জন্য কিছু করিনি, আমরা বাংলাদেশের জন্য স্ট্যান্ড নিয়েছি, আমরা যা করেছি ওদের জন্য করেছি।' তিনি বলেন,' আপনি নিশ্চয়ই বাংলাদেশের বিবৃতি পড়েছেন। তারা পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছিল। স্পষ্টতই, তাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে এবং তাই তারা এই অনুরোধ করেছে।' প্রসঙ্গত, এই ম্যাচ খেলা নিয়ে এর আগে পিসিবির কাছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে চিঠি আসে। আসরে নামে এক আরব দেশ সংযুক্ত আমিরশাহি। তাদের ক্রিকেট বোর্ডও চিঠি পাঠায়। এই পরিস্থিতিতে কার্যত চাপে পড়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

এদিকে, আবার নকভির মুখে এই খেলার বিষয়ে আলোচনায় উঠে আসে সেদেশের সেনা প্রধান আসিম মুনিরের কথা। আইসিসির শাস্তির হুমকির প্রসঙ্গ উঠতেই জোর গলায় নকভি বলেন,' এই ধরনের হুমকিতে না আমি ভয় পাই, না আমাদের সরকার। এ সব হুমকিতে আমাদের ভয় পাওয়ানো যাবে না। সকলে আমাদের ফিল্ড মার্শালকে (মুনির) চেনে। আমরা কোনও শাস্তিকে ভয় পাই না।' উল্লেখ্য, গত বছরই পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের হানার পর ভারতীয় সেনা পাল্টা হানায় ধরাশায়ী করে পাকিস্তানকে। সেদেশের একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় তারা। ভারতীয় সেনার রোষের মুখে পাকিস্তান সেনা কার্যত পর্যুদস্ত হয়। আর সেই যুদ্ধে পিছিয়ে থাকা পাকিস্তান তার সেনা প্রধান মুনিরকে একের পর এক নয়া পদ দিয়ে ভূষিত করে চলেছে। এই মুনিরকে নিয়েই গর্বের সুর শোনা যায় নকভির কণ্ঠে।

এদিকে, লাহোরের বৈঠকের পর আইসিসি জানিয়েছে,'বিশ্বকাপ বয়কটের ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে খেলা সংক্রান্ত অথবা কোনও আর্থিক বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি যে কোনও সমস্যায় আইসিসি-র ডিসপিউট রেজ়লিউশন কমিটির (ডিআরসি) সাহায্য পেতেও কোনও বাধা নেই বাংলাদেশের।'

এদিকে, পিসিবি চেয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচে আইসিসি নাক গলাক। আইসিসি তা মেনে নেয়নি। পিসিবি চেয়েছিল ভারত, পাক, বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ, তাও কার্যত আইসিসি খারিজ করে দিয়েছে। ২০২৬ সালে বাংলাদেশে ভারতের সফরের জন্য আইসিসিকে নাক গলানোর প্রস্তাব দিয়েছিল পাক বোর্ড, সেই প্রস্তাবও আইসিসি খারিজ করে দেয়।