'আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার...,' রুশ তেল কেনা নিয়ে দিল্লির প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে

মস্কো সাফ জানিয়েছে, রুশ তেলা কেনা বন্ধ নিয়ে ভারতের তরফে এখনও কোনও ইঙ্গিত তারা পায়নি।

Published on: Feb 05, 2026 6:35 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারত তার ১৪০ কোটি জনসংখ্যার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। বিশেষ করে জ্বালানি খাতে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে। তিন দিন পরে ‘রাশিয়ার তেল কেনা বন্ধ’ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন বিদেশ মন্ত্রক।

রুশ তেল কেনা বন্ধ করবে ভারত?
রুশ তেল কেনা বন্ধ করবে ভারত?

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা বা উৎস নিশ্চিত করার ক্ষেত্রে, সরকার আগেও বেশ কয়েক বার প্রকাশ্যে বার্তা দিয়েছে। আমিও এখানে বলছি, যে ১.৪ বিলিয়ন নাগরিকের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’ তিনি আরও বলেন, 'বাজারের বাস্তব পরিস্থিতি এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জ্বালানি সংগ্রহের উৎসগুলোতে বৈচিত্র্য আনা আমাদের কৌশলের মূলে রয়েছে। ভারতের সমস্ত সিদ্ধান্ত এই বিষয়টিকে মাথায় রেখেই নেওয়া হয় এবং ভবিষ্যতেও নেওয়া হবে।'

কী বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প?

গত সোমবার রাতে (ভারতীয় সময়) ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমরা বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা-সহ অনেক বিষয়ে কথা বলেছি। ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে আরও বেশি তেল কিনতে সম্মত হয়েছে। এটি ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তা করবে, যেখানে বর্তমানে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে!' কিন্তু প্রধানমন্ত্রী প্রাথমিক প্রতিক্রিয়ায় বাণিজ্য চুক্তি নিশ্চিত করলেও মস্কো থেকে তেল কেনা বন্ধের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা করেননি।

এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 'ভারতের অবস্থান স্পষ্ট। ভেনেজুয়েলার সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে অংশীদারিত্ব রয়েছে।' তবে জ্বালানি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভেনেজুয়েলা থেকে তেল কেনা নিয়ে ভারত চিন্তাভাবনা করতে পারেও বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল।

মস্কোর প্রতিক্রিয়া

বুধবার মস্কো সাফ জানিয়েছে, রুশ তেলা কেনা বন্ধ নিয়ে ভারতের তরফে এখনও কোনও ইঙ্গিত তারা পায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রসঙ্গে জানিয়েছেন, ভারত কোন দেশ থেকে অপরিশোধিত তেল কিনবে, তা সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তাদের। এটা নতুন নয়, যে নয়া দিল্লি বিভিন্ন দেশ থেকে তেল সরবরাহ বজায় রাখার প্রচেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের দাবির পর ক্রেমলিনের মুখপাত্র পাল্টা দাবি জানিয়ে বলেছেন, 'রাশিয়া এখনও পর্যন্ত ভারতের কাছ থেকে রুশ তেল কেনা বন্ধ করার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বার্তা পায়নি।' তিনি বলেন, বলেন, 'আমরা মার্কিন যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্মান করি। কিন্তু আমরা রাশিয়া ও ভারতের মধ্যে একটি উন্নত কৌশলগত অংশীদারিত্বের বিকাশেও সমান গুরুত্ব দিই।' তিনি আরও বলেন, 'এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা দিল্লির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে চাই।'