'আমরা সবাই তোমার...,' JNUর জেলবন্দি প্রাক্তন ছাত্রনেতা খালিদকে চিঠি নিউ ইয়র্কের মেয়র মামদানির
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতীছাত্র উমর খালিদকে ২০২০ সালের দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়।
'আমরা সবাই তোমার কথা ভাবছি।' জেলবন্দি জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা ও কর্মী উমর খালিদকে চিঠি লিখলেন নিউ ইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতীছাত্র উমর খালিদ ২০২০ সালের দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় গ্রেফতার হন। পাঁচ বছর ধরে জেলবন্দি রয়েছেন তিনি।

বৃহস্পতিবারই নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেন জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন মামদানি। ওই দিনই এক্স-পোস্টে একটি চিঠির ছবি শেয়ার করেছেন খালিদের সঙ্গী বনজ্যোৎস্না লাহিড়ী। তিনি জানান, গত বছর খালিদের বাবা-মা সাহিবা খানম এবং সৈয়দ কাসিম রসুল ইলিয়াস একটি পারিবারিক বিয়ের আগে তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি বলেন, তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে মামদানি এবং আরও কয়েকজনের সঙ্গে দেখা করেন এবং তাঁর সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। তখনই মামদানি এই চিঠিটি লেখেন। খালিদকে উদ্দেশ্য করে সেই বার্তায় মামদানি লিখেছেন, 'প্রিয় উমর, তিক্ততা নিয়ে তোমার কথাগুলো আমি প্রায়ই ভাবি, এবং এই তিক্ততাকে নিজের ওপর চেপে বসতে না দেওয়ার গুরুত্ব নিয়েও ভাবি। তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ভাল লেগেছে। আমরা সবাই তোমার কথা ভাবছি।'
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতীছাত্র উমর খালিদকে ২০২০ সালের দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়। অভিযোগ ওঠে, ওই দাঙ্গার সঙ্গে তাঁর যোগ রয়েছে। এই মামলায় তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়। তখন থেকেই তিনি তিহার জেলে বন্দি। যদিও একটি মামলায় দিল্লি হাইকোর্ট তাঁকে মুক্তি দিয়েছিল, তবে অন্য একটি মামলায় এখনও তিনি জেলবন্দি। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। দিনকয়েক আগে অবশ্য বোনের বিয়ে উপলক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন উমর। ২৯ ডিসেম্বর আবারও জেলে ফিরতে হয়েছে তাঁকে।
জোহরান মামদানির অভিষেক
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের মেয়র পদে শপথ গ্রহণ করেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। আগামী ৪ বছরের জন্য নিউ ইয়র্ক সিটির প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত থাকবে তাঁরই হাতে। ৩১ ডিসেম্বরের পরে ঠিক মধ্যরাত পেরিয়ে পয়লায় যখন পা রাখছে নিউ ইয়র্ক, তখন সিটি হ’লের নীচে থাকে পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনে দাঁড়িয়ে কোরানে হাত রেখে শপথ নেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি। মামদানিকে তাঁর শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। শপথ গ্রহণের পড়ে ছোট্ট বক্তব্য রাখেন মীরা নায়ারের পুত্র। তিনি বলেন, ‘এই জায়গাটা আমাদের শহরের প্রাণবন্ততা, স্বাস্থ্য এবং ঐতিহ্যের ক্ষেত্রে গণ পরিবহনের গুরুত্বের প্রমাণ।’ শপথ গ্রহণের পরেই পরিবহন বিভাগের কমিশনার হিসাবে মাইক ফ্লিনকে নিয়োগ করার কথা ঘোষণা করেন তিনি। মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং একজন শিক্ষাবিদ ও লেখক মাহমুদ মামদানির পুত্র। তাঁর যখন ৭ বছর বয়স, তাঁর পরিবার নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন। ৯/১১-এর পরবর্তী সময়ে একজন মুসলিম নাগরিক হিসাবে নিউ ইয়র্কে তাঁর বেড়ে ওঠা সহজ ছিল না। ২০১৮ সালে একজন মার্কিন নাগরিক হন।












