'পাকের হয়ে গুপ্তচরবৃত্তি', রিজওয়ানের পরে গ্রেফতার পারভেজ, ভাই নাকি আছেন সেনায়
হরিয়ানার নুহ জেলার তাওদু মহকুমার খারখারি গ্রাম থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া অ্যাডভোকেট রিজওয়ানের সহযোগী অ্যাডভোকেট মোশাররফ ওরফে পারভেজকেও পাকড়াও করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পরিবার।
হরিয়ানার নুহ জেলার তাওদু মহকুমার খারখারি গ্রাম থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া অ্যাডভোকেট রিজওয়ানের সহযোগী অ্যাডভোকেট মোশাররফ ওরফে পারভেজকেও পাকড়াও করা হয়েছে। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত রিজওয়ানকে গ্রেফতারের ছয় ঘণ্টার মধ্যে, পুলিশ মোশাররফ ওরফে পারভেজকে গ্রেফতার করেঠে। নুহের তাওদু থানায় এই দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মোশাররফ এবং রিজওয়ানের দু'বছরের বন্ধুত্ব। দু'জনেই গুরুগ্রামে একসঙ্গে প্র্যাকটিস করত। রিজওয়ান ও মোশাররফের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলির ফরেন্সিক পরীক্ষার পরেই আরও বিশদ পরিষ্কার হবে।

তবে পারভেজের বাবা দিলাওয়ার জানিয়েছেন, ছেলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে যে সে এ ধরনের কাজ করতে পারে না। পাকিস্তানে তার কোনও আত্মীয় নেই। তিনি কখনও পাকিস্তানে যাননি। দিলাওয়ার জানান, তাঁর চার ছেলে রয়েছে। বড় ছেলে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তাঁর ছোট ছেলে মোশাররফ ওরফে পারভেজ একজন আইনজীবী এবং তৃতীয় ছেলে পঞ্জাবে পড়াশোনা করছেন। চতুর্থ ছেলে বর্তমানে নুহেতে একাদশ শ্রেণিতে পড়ছে।
নুহের বাঁসি গ্রামের পারভেজের বাবা দিলাওয়ার বলেন, ২৪ নভেম্বর বেলা ১২টার দিকে পুলিশ তার বাড়িতে আসে। মোশাররফ ওরফে পারভেজ গেট খুলে দেয়। এরপর পারভেজকে রিজওয়ানের সম্পর্কে জানতে চাওয়া হয়। তাতে পারভেজ জানায় যে রিজওয়ান তার বন্ধু। তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রিজওয়ান মোশাররফকেও ডেকে পাঠিয়েছিল। এরপরই মোশাররফকে সঙ্গে নিয়ে যায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পারভেজের নির্দোষ প্রমাণ করতে বিচার প্রক্রিয়ায় তারা পূর্ণ সহযোগিতা করবে।
এমনিতে গত কয়েক মাসে যেভাবে একের পর এক গ্রেফতারির ঘটনা ঘটছে, তাতে নুহ যেন পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির কেন্দ্রে পরিণত হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নুহ জেলা থেকে ক্রমাগত গ্রেপ্তার করা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। নিরাপত্তা সংস্থাগুলি সতর্কতা বাড়িয়েছে। গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কে অনেকে জড়িত থাকতে পারে, এমন বিষয়টিকে বিবেচনায় নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে।












