PoK part of India: পাক-অধিকৃত কাশ্মীর আসলে ভারতেরই অংশ, তাই আন্তঃরাজ্য বাণিজ্য ওটা, বলল হাইকোর্ট
পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আসলে ভারতের অংশ। স্পষ্টভাবে বলে দিল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। তাই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সঙ্গে যে বাণিজ্য হবে, সেটাকে আন্তঃরাজ্য বাণিজ্য হিসেবে বিবেচনা করতে হবে। আর কী বলল হাইকোর্ট?
পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আসলে ভারতের অংশ। তাই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সঙ্গে যে বাণিজ্য হবে, সেটাকে আন্তঃরাজ্য বাণিজ্য হিসেবে বিবেচনা করতে হবে। সেটাকে আমদানি-রফতানি হিসেবে বিবেচনা করা যাবে না। এমনই মন্তব্য জম্মু ও কাশ্মীর হাইকোর্ট করেছে বলে জানানো হল সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে। আর হাইকোর্ট সেই মন্তব্য করেছে, নিয়ন্ত্রণরেখা বরাবর বাণিজ্য নিয়ে দায়ের একগুচ্ছ মামলার প্রেক্ষিতে। ২০০৮ সালে সেই বাণিজ্য শুরু হয়েছিল। কিন্তু ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পরে সেই বাণিজ্য বন্ধ করে দিয়েছিল ভারত।

মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, মামলাকারীরা দাবি করেছেন যে ২০১৭ সালের কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা আইনের আওতায় তাঁদের নোটিশ জারি করা হয়েছিল। ২০১৭ সালে যখন থেকে জিএসটি কার্যকর হয়েছিল, তখন থেকে ২০১৯ সালে যতদিন বাণিজ্য চলেছিল, ততদিনের মেয়াদের জন্য সেই নোটিশ পাঠানো হয়েছিল বলে দাবি করেন মামলাকারীরা। তাঁরা একাধিক যুক্তি তুলে ধরেন। যদিও সেইসব পিটিশন খারিজ করে দিয়েছে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
পাক-অধিকৃত কাশ্মীর আসলে ভারতের অংশ, বলল হাইকোর্ট
সেই রেশ ধরে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের বিচারপতি সঞ্জীব কুমার এবং বিচারপতি সঞ্জয় পারিহারের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, যে এলাকা এখন পাকিস্তান জবরদখল করে এসেছে, তা যে আদতে জম্মু ও কাশ্মীরের অংশ, সেটা বাদী বা বিবাদী পক্ষের আইনজীবীরা বিরোধিতা করেননি। আর তাই যেখান থেকে পণ্য পাঠানো হচ্ছে এবং যেখানে যাচ্ছে, তা জম্মু ও কাশ্মীর রাজ্যের (অধুনা কেন্দ্রশাসিত অঞ্চল) মধ্যেই পড়ে। তাই যে বাণিজ্যের কথা বলা হচ্ছে, তা পুরোপুরি আন্তঃরাজ্য ব্যবসা।
মামলাকারী আইনজীবীর প্রশংসায় হাইকোর্ট
মামলাকারীদের আইনজীবী ফয়জল কাদারির প্রশংসা করেছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ বলেছে, রাজ্যের দুটি অংশের মধ্যে ব্যবসার বিষয়টা যে আন্তঃরাজ্য বাণিজ্য এবং দুটি দেশের মধ্যে আমদানি ও রফতানির ব্যাপার নয়, সেটা মেনে নিয়েছেন মামলাকারীদের আইনজীবী।












