বড় প্রতারণা! ঢাকঢোল পিটিয়ে ভুয়ো 'পিৎজা হাটে'র উদ্বোধন, কটাক্ষে বিদ্ধ পাক প্রতিরক্ষা মন্ত্রী
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে পড়ে ‘পিৎজা হাট’ নামের মূল সংস্থার।
প্রতারিত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে নিজের শহরে মার্কিন বহুজাতিক সংস্থা 'পিৎজা হাটে'র ভুয়ো আউটলেট উদ্বোধন করে ট্রোলিংয়ের সম্মুখীন হলেন তিনি। ইতিমধ্যে পাক প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে নেটপাড়ায় বইছে সমালোচনার ঝড়। গোটা ঘটনায় লজ্জার শেষ রইল না।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে খাজা আসিফের নিজের শহর শিয়ালকোটের ক্যান্টনমেন্ট এলাকায়। সম্প্রতি শিয়ালকোটের ক্যান্টনমেন্ট এলাকায় 'পিৎজা হাট'-এর একটি আউটলেটের ফিতে কেটে উদ্বোধন করেছিলেন খাজা আসিফ। অনুষ্ঠানের সময় তাঁকে যথেষ্ঠ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কিন্তু সেই আউটলেট ভুয়ো, সেখানে পিৎজা হাটের কোনও অনুমোদন নেই। অথচ সেটাই বীরত্বের সঙ্গে উদ্বোধন করে ক্যামেরার সামনে পোজ দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। শুধু তাই নয়, তাঁর জন্যে অনুষ্ঠানস্থলটি রেড কার্পেট এবং ফুল দিয়ে সাজানো হয়। উচ্চ-প্রোফাইল উদ্বোধনী অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়াতেও সেই উদ্বোধনের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। এমনিতে সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু গোল বাঁধে কয়েক ঘণ্টা পর।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে পড়ে ‘পিৎজা হাট’ নামের মূল সংস্থার। তারাই খোঁজ খবর নিয়ে জানতে পারে শিয়ালকোটের এই আউটলেটটি সম্পূর্ণ ভুয়ো। সংস্থার নাম ভাঁড়িয়ে কেউ বা কারা এই আউটলেট খুলেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয় ‘পিৎজা হাট পাকিস্তান।' এক বিবৃতিতে জানানো হয়, 'শিয়ালকোটের আউটলেটটি আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কিত নয়। এই আউটলেটটি পিৎজা হাট ইন্টারন্যাশনালের রেসিপি, খাবারের মান, খাদ্য সুরক্ষা এবং অন্যান্য কার্যকরী প্রোটোকল মেনে চলে না।' 'পিৎজা হাট পাকিস্তান' আরও জানিয়েছে, 'আমাদের ট্রেডমার্কের অপব্যবহার বন্ধ করতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।' 'পিৎজা হাটে'র এই ঘোষণার ফলে সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র হয়ে ওঠেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। যার ফলে গোটা বিশ্বের সামনে পাকিস্তান আবারও লজ্জায় পড়ে যায়।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এই মুহূর্তে 'পিৎজা হাটে'র ভুয়ো উদ্বোধনী অনুষ্ঠানের ছবি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে, যা সমালোচনার জন্ম দিয়েছে। বর্তমানে 'পিৎজা হাট' পাকিস্তানে ১৬টি অনুমোদিত দোকান পরিচালনা করছে। লাহোরে ১৪টি এবং ইসলামাবাদে দুটি। শিয়ালকোট আউটলেটটি এর মধ্যে নেই। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে এখন মিম এবং ব্যঙ্গাত্মক মন্তব্যের বন্যা বয়ছে। দেশের একজন কর্মকর্তা হয়ে কীভাবে যাচাই না করে পিৎজা হাটের আউটলেট উদ্বোধন করতে গেলেন খাজা আসিফ, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'একটি ফিতে কাটা, একটি বিবৃতি জারি করা। এটি অবশ্যই এক ধরণের রেকর্ড।' আরেকজন রসিকতা করেছেন, 'কেবল মাত্র পাকিস্তানে একজন প্রতিরক্ষা মন্ত্রী গর্বের সঙ্গে একটি নকল পিৎজা হাট উদ্বোধন করতে পারেন। খাজা আসিফ ফিতে কেটে ক্যামেরার সামনে হেসে চলে যান।'
E-Paper











