ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করল পাকিস্তানি বোট। সেই বোট থেকে ৯ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে ধরল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছিল গত ১৪ জানুয়ারি রাতে। জানা গিয়েছে, গুজরাট উপকূলের কাছে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করেছিল আল-মদিনা নামক পাকিস্তানি বোট। ভারতীয় কোস্টগার্ডের জাহাজের নজরে পড়ে সেই পাকিস্তানি বোটটি। তাতে ছিল পাকিস্তানিরা। এরপর কোস্টগার্ডের জাহাজ পথ আটকায় সেই পাকিস্তানি বোটের।
গুজরাট উপকূলের কাছে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করেছিল আল-মদিনা নামক পাকিস্তানি বোট।
তবে জানা গিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সেই পাকিস্তানি বোটটিকে থামতে বললে সেটি পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ডের জাহাজটি পিছু ধরে পাক বোটের। একটা সময়ে মাঝ সমুদ্রে আল-মদিনা নামক পাকিস্তানি বোটটি আটক করে ভারতীয় কোস্টগার্ড। উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা পাকিস্তানি বোটে পা রাখে। পকিস্তানি বোটে তল্লাশি চালানো হয়। আল-মদিনায় থাকা ৯ পাকিস্তানিকে আটক করে ভারতীয় জাহাজে তোলা হয়। আল-মদিনাকে কোস্টগার্ডের জাহাজে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় গুজরাটের পোরবন্দরে। আপাতত সেটি সেখানেই আটক থাকবে।
এদিকে আটক হওয়া এই পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দাবি, তারা নাকি মৎস্যজীবী। তবে ভারতীয় উপকূলের কাছে এসে সত্যি এরা মাছ ধরছিল, নাকি তাদের অন্য কোনও মতলব ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আটক পাকিস্তানিদের জেরা করছে বিভিন্ন এজেন্সি। উল্লেখ্য, এভাবে জলপথে পাকিস্তান থেকে ভারতে মাদক পাচার করা হয়। বিগত দিনে এমন বহু বোট ধরা পড়েছে এবং তা থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাদকদ্রব্য। অনেক ক্ষেত্রে আবার অস্ত্রও পাচার করা হয় এই বোটের মাধ্যমে। এই পরিস্থিতিতে গুজরাট উপকূলের কাছে কোস্টগার্ড সবসময় সজাগ থাকে। এমনকী মুম্বই হামলার সময় পাকিস্তানি জঙ্গিরা এই জলপথেই ভারতের মাটিতে পা রেখেছিল। এই আবহে আল-মদিনা করে কোনও অনুপ্রবেশ ঘটেছিল কি না, বা এর নেপথ্যে বড়সড় কোনও ষড়যন্ত্র ছিল কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।