Ramdev on Trump: 'ব্রিটেন ভেঙে যাবে, ট্রাম্পের বাজনা বাজবে...', ভবিষ্যদ্বাণী বাবা রামদেবের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন বাবা রামদেব। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথা উল্লেখ করে রামদেব বলেন, 'ট্রাম্প আমাকে তুলে নিয়ে যেতে পারবেন না।'
খুব শীঘ্রই ব্রিটেন ভেঙে পড়বে। এমনই দাবি করলেন যোগগুরু বাবা রামদেব। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথা উল্লেখ করে রামদেব বলেন, 'ট্রাম্প আমাকে তুলে নিয়ে যেতে পারবেন না।' বাবা রামদেবের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প ভারতের ওপর শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। আর এরই মাঝে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ করলেন রামদেব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন রামদেব (PTI)
বাবা রামদেব বলেন, 'আজ ব্রিটেন নিজেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। ব্রিটেন, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, এই তিনটি দেশ শীঘ্রই পুনর্গঠিত হতে চলেছে। আর ট্রাম্পকে নিয়ে আমি কিছু বলি না। ট্রাম্পের বিরুদ্ধে যেই কথা বলে, ট্রাম্প তাঁকেই ঠুকে দেয়। তবে আমাকে কী আর ঠুকবে... মাদুরোর মতো আমাকে তো আর তুলে নিয়ে যেতে পারবে না। এতটা দম তো আমার মধ্যে আছে। তবে দেখা যাক, কিছুদিন পরেই এই ট্রাম্পেরও বাজনা বেজে উঠবে। দুনিয়ায় কিছুই নেই ভাই...' হরিয়ানার ঝাজ্জরে এক অনুষ্ঠানে বাবা রামদেবের এই সব মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্য বেশ ভাইরাল হয়েছে।
জানুয়ারির শুরুতেই সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় আমেরিকা। মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত করে মাদুরোকে গ্রেফতার করা হয় বলে জানায় মার্কিন প্রশাসন। উল্লেখ্য, ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। এহেন ভেনেজুয়েলার তেল এখন আমেরিকা বিক্রি করবে বলে দাবি করছেন ট্রাম্প। ভেনেজুয়েলায় আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ডেলসি রদ্রিগেজ। তাঁর সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। এদিকে মাদুরো বিরোধী মাচাদোর সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। নিজের শান্তি নোবেল পুরস্কার ট্রাম্পকে উপহার হিসেবে দিয়েছেন মাচাদো। অপরদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইইউ এবার ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছে। গ্রিনল্যান্ড দখল করতে চাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে বেশ কিছু ইউরোপীয় দেশ। এমনই ৮টি দেশের বিরুদ্ধে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। এই ঘোষণায় ক্ষুব্ধ ইউরোপ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করে গিয়েছে।
News/News/Ramdev On Trump: 'ব্রিটেন ভেঙে যাবে, ট্রাম্পের বাজনা বাজবে...', ভবিষ্যদ্বাণী বাবা রামদেবের