সুরাহা হল না! রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, কতটা প্রভাব পড়ল আপনার EMI-এ?
মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট ৫.২৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হবে।
কেন্দ্রীয় বাজেটের পরও মুখে হাসি ফুটলো না আমজনতার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মুদ্রানীতি কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত থাকছে। এর ফলে গৃহঋণ ও গাড়ি ঋণের সুদের হারেও কোনও পরিবর্তন হবে না। ফলে সাধারণ ঋণগ্রহীতারা আপাতত নতুন করে কোন স্বস্তি পাচ্ছেন না।
দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে তিন দিন ধরে কমিটির বৈঠক হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। এদিন আরবিআই-র গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, 'মনিটারি পলিসি কমিটি গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বৈঠক করে এবং অর্থনীতি ও মাক্রো-ইকোনমিক কন্ডিশনের গভীর পর্যালোচনার পর পলিসি রিপোর্ট তৈরি করেছে। মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট ৫.২৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হবে। একইসঙ্গে এসডিএফ রেটও ৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হয়েছে। এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেট ৫.৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হয়েছে।' গত বছর রিজার্ভ ব্যাঙ্ক মোট চার দফায় রেপো রেট কমিয়ে ১২৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছিল। ডিসেম্বর মাসেই রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল।
সাম্প্রতিক বাজেট এবং ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আভাস রয়েছে। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়ল, সেটা খতিয়ে দেখতে। সেকারণেই শুক্রবার অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট। আর রেপো রেট অপরিবর্তিত বর্তমান ঋণগ্রহীতাদের ইএমআই-এ কোনও পরিবর্তন হবে না। নতুন ঋণগ্রহীতারাও আপাতত একই সুদের হরে ঋণ পাবেন। সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো হোম লোন, গাড়ির লোন ও ব্যক্তিগত ঋণের সুদের হার সাধারণত একই রাখবে, যদি না তারা নিজেদের মার্জিন পরিবর্তন করে।
সুদের হার স্থিতিশীল ও জিডিপি
সুদের হার স্থিতিশীল রাখলেও, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে আরবিআই চলতি অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ভারতীয় অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং দেশীয় মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধি ইতিবাচক। কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৫-২৬ অর্থবছরের জন্য দেশের বৃদ্ধির পূর্বাভাস ৭.৩ শতাংশ থেকে ৭.৪ শতাংশে সংশোধন করেছে। সঞ্জয় মালহোত্রা বলেছেন যে ২০২৬ সালের বাজেটে ঘোষিত অনেক পদক্ষেপ বৃদ্ধির জন্য সহায়ক হবে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে পরিষেবা ও রফতানি শক্তিশালী থাকবে। এছাড়াও, তিনি ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এবং একটি সম্ভাব্য ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে বলেন যে এই চুক্তিগুলি ভারতের রফতানি বৃদ্ধি করবে।
আগামী মাসগুলোতে ভারতের অর্থনীতির চাকা কতটা দ্রুত ঘুরবে, তার একটি চিত্র তুলে ধরে এমপিসি জানিয়েছে যে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ৭.০ শতাংশ এবং চতুর্থ প্রান্তিকে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। একইসঙ্গে, আগামী অর্থবছরের প্রথম প্রান্তিকে ৬.৭ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। গভর্নর মালহোত্রা জানান, হেডলাইন মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং তা আমাদের পূর্বাভাসের চেয়েও ভালো অবস্থানে রয়েছে, তাই তারল্য বজায় রাখতে এবং বাজারে অর্থের প্রবাহ সচল রাখতে আরবিআই প্রয়োজনীয় ব্যবস্থা যেমন ওপেন মার্কেট অপারেশন নিয়ে কাজ চালিয়ে যাবে।
E-Paper











