ভোটমুখী বাংলাদেশে নেতার মুখে ফের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে হুঙ্কার!নুরুল বললেন,‘আমরা উন্নত হলে অস্তিত্ব হারাবে ভারত’-Report

নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যে উঠে এল ভারতের সেভেন সিস্টার্স প্রসঙ্গ।

Published on: Feb 07, 2026 3:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেখ হাসিনা-হীন বাংলাদেশে হাইভোল্টেজ ভোটপর্ব ১২ ফেব্রুয়ারি। তার আগে একাধিক রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা নিজেদের মতো করে বক্তব্যে চড়াচ্ছেন পারদ। এরই মাঝে খবরে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের নেতা তথা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সদ্য বাংলাদেশের এক সভা থেকে তিনি ফের ভারত বিরোধিতার সুর চড়া করেছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

শুক্রবার, বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে আয়োজিত ইয়ুথ আইডিয়া কনটেস্টের আইডিয়া প্রদর্শনীর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন নুরুল। সভা মঞ্চ থেকে তিনি বাংলাদেশ ও তাঁর সংগঠন নিয়ে নানান বক্তব্য রাখেন। তারই মাঝে তিনি বলেন, ‘আমরা (বাংলাদেশ) উন্নত হলে ভারত তার অস্তিত্ব হারাবে। তাদের সেভেন সিস্টার ধ্বংস হয়ে যাবে। আমাদের ব্লু ইকোনমি রয়েছে কিন্তু আমরা তা কাজে লাগাতে পারছি না।’ ‘কালের কণ্ঠ’ সহ বাংলাদেশের মিডিয়ার একাধিক রিপোর্ট, তাঁর এমনই বক্তব্যকে প্রকাশ করেছে। ভারতের উত্তর পূর্বের ৭ রাজ্য নিয়ে বাংলাদেশের কোনও রাজনৈতিক নেতার মুখে মন্তব্য এই প্রথম নয়। এর আগেও একাধিক বাংলাদেশি নেতার মুখে ভারতের এই সাত রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে। তাঁদের মধ্যে হাসনাত আবদুল্লাহর ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বক্তব্য বেশ কিছুটা পারদ চড়িয়েছিল কিছু সময় আগে।

এদিকে, শুক্রবারের ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলাদেশের নেতা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘১৯৭৬ সালে চিন ও বাংলাদেশের অবস্থান একই ছিল। ২০ থেকে ২৫ বছরের ব্যবধানে চায়না এখন অন্যান্য দেশকে নেতৃত্ব দিচ্ছে। তারা আমদানি নির্ভর অর্থনীতিকে কমিয়ে দিয়েছে এবং নিজেদের উন্নত করেছে। এদিকে আমার দেশের শিক্ষা ব্যবস্থাই উন্নত নয়। ২২ বিলিয়ন ডলার ঋণ রয়েছে বাংলাদেশের।’ ওই অনুষ্ঠানে তাঁর আরও বক্তব্য় রয়েছে। নুরুল বলেন, ‘এদেশে ৫৪ বছর, যুবশক্তিকে রূপান্তর করা হয়নি। ঢাকা থেকে সচিবালয়, মন্ত্রণালয়গুলোকে ডিসেন্ট্রালাইজড করতে হবে। প্রত্যেকটা জিনিস ডিসেন্ট্রালাইজড করতে পারলে আমাদের মুক্তি মিলবে। আমাদের তরুণরা আমাদের এসব আইডিয়া দিয়েছে।’ উল্লেখ্য, শেখ হাসিনার আওয়ামি লিগ-হীন বাংলাদেশে এবার ভোটপর্ব ঘিরে আন্তর্জাতিক আঙিনার চোখ রয়েছে। এই পরিস্থিতিতে ফের বাংলাদেশের মাটি থেকে ভারত-দ্বেষের বার্তা উঠে আসার ঘটনাও কাড়ছে নজর।