India Vs Pakistan T20: পাক 'নাটক' অব্যাহত! বিশ্বকাপ টি ২০তে ভারতের সঙ্গে খেলতে ৩ শর্ত নকভিদের? বড় দাবি রিপোর্টের
পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন দাবি করেছে?
শুরু হয়ে গিয়েছে ২০২৬ টি২০ বিশ্বকাপ। এদিকে, এই কাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ঘিরে তুঙ্গে পারদ। আগেই পাকিস্তানের সরকারের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬র ভারত-পাকিস্তান ম্যাচ খেলবে না পাকিস্তান টিম। টি২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তেই তাদের পাশে দাঁড়াতে গিয়ে এই ম্যাচ বয়কটের পদক্ষেপ করে মহসিন নকভির পিসিবি। তবে, বাংলাদেশ নিজের জেদে টিকে থেকে বিশ্বকাপ থেকে বাদ পড়লেও, পাকিস্তান গোটা বিশ্বকাপ বয়কট করেনি। তারা শুধু ভারতের বিরুদ্ধে আপাতত ১৫ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে না বলে জানিয়েছে। এই অবস্থায় আইসিসি ও পিসিবি-র মধ্যে বৈঠক হয়।

এদিকে, ভারতের সঙ্গে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলার বিষয়টি নিয়ে পাকিস্তান ৩ টি শর্ত আইসিসিকে দিয়েছে বলে জানাচ্ছে এনডিটিভির রিপোর্ট। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছে, বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ বাড়াতে হবে, বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বেরিয়ে গেলেও তাদের দিতে হবে অংশগ্রহণের ফি (টাকা), এছাড়াও ভবিষ্যতে আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দিতে হবে। উল্লেখ্য, আইসিসির প্রতিনিধিরা এই ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে লাহোরে বৈঠকে যোগ দেন। তার আগে, জানা গিয়েছে, বাংলাদেশের বোর্ড সভাপতি পৌঁছন লাহোরে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুলের সঙ্গেও আইসিসির কথা হতে পারে, বলে রবিবার বহু মিডিয়া রিপোর্ট দাবি করে।
প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। গোটা ঘটনার সূত্রপাত আইপিএল-এ বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে বাদ দেওয়া নিয়ে। ঘটনার পর থেকেই ক্ষওভে ফুঁসছে বাংলাদেশ। তারা ভারতে নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে, ভারতের মাটিতে এই বিশ্বকাপ খেলবে না বলে জানায়। এরপর আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকের পরও বরফ গলেনি। শেষমেশ কাপ থেকে বাদ যায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়িয়ে, জানায় তারা বিশ্বকাপ বয়কট না করলেও, ভারতের বিরুদ্ধে খেলবে না। ফলত, কলম্বোয় আয়োজন হতে চলা ম্যাচ নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। সেই ম্যাচের জট কাটাতেই লাহোরে বসে হাইভোল্টেজ বৈঠক।
E-Paper











