কাঁটা রইল শিবসেনা! রাজনৈতিক মানচিত্রে বদল, মুম্বইয়ের সিংহাসনে BJP-র রিতু তাওড়ে
নির্বাচনের পর জোট সমীকরণে একাধিক পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুম্বই পুর মেয়র পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল মহাযুতি জোট। বিজেপির রিতু তাওড়েকে মুম্বইয়ের পরবর্তী মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে। গত ২৫ বছরে এই প্রথম শিবসেনা ব্যতীত অন্য কোনও দলের প্রতিনিধি মেয়র পদে বসছেন। ঘাটকোপর কেন্দ্র থেকে নির্বাচিত রিতু তাওড়ে এর আগে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের শিক্ষা কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন। মায়ানগরীর ডেপুটি মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে শিবসেনার পক্ষ থেকে কর্পোরেটর সঞ্জয় শঙ্কর ঘাডীকে।

মহারাষ্ট্রে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সহ মোট ২৯টি পুরসভা ও নাগরিক সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয় ১৫ জানুয়ারি। ওই নির্বাচনে বিএমসিতে বিজেপি ৮৯টি আসন জয় করে, অন্যদিকে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা পায় ২৯টি আসন। ফলে দুই দলের জোট মিলিয়ে ১৪৪ আসনের সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে যায় মহাযুতি।অন্যদিকে, উদ্ধব ঠাকরের শিবসেনা ৬৫, এমএনএস ৬টি ও এনসিপি (শরদ পাওয়ার) ১টি ওয়ার্ডে জয় পায়। একা লড়ে কংগ্রেস মাত্র ২৪টি আসনে জেতে। ২২ জানুয়ারি বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র নির্বাচনের পর শহরের প্রশাসনিক নেতৃত্বের দায়িত্বে আসা নতুন মেয়রের নাম চূড়ান্ত করার জন্য এক বিশেষ লটারি প্রক্রিয়া আয়োজন করা হয়েছিল। এই লটারি প্রক্রিয়ায় মেয়র পদে মনোনীত হন একজন ‘জেনারেল’ মহিলা। সেই অনুযায়ী রিতু তাওড়ের নাম চূড়ান্ত করা হয়। এই প্রথম বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির মেয়র হচ্ছে। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে শিবসেনার (অবিভক্ত) মেয়র ছিল।
মুম্বইয়ের পাশাপাশি পুনে, ধুলে, নান্দেদ-ওয়াঘালা এবং নবি মুম্বইতেও সাধারণ শ্রেণির মহিলা পুর মেয়র নির্বাচিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নির্বাচন-পরবর্তী সময়ে মহাযুতি জোটের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। ভোটের পরপরই একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার কাউন্সিলরদের বান্দ্রার একটি হোটেলে স্থানান্তর ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। পাশাপাশি শেষ মুহূর্তে দলবদলের আশঙ্কাও জোটকে উদ্বিগ্ন করে তোলে। নির্বাচনের পর জোট সমীকরণে একাধিক পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষ করে কল্যাণ-ডোম্বিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) শিবসেনাকে সমর্থন করা রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করে। এছাড়া বিজেপি ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের কাউন্সিলরদের টানার অভিযোগ তোলে। এই সমস্ত নাটকীয়তার মাঝেই শেষ পর্যন্ত মুম্বই পুর মেয়র ও উপ-মেয়র পদের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল মহাযুতি।
E-Paper











