Sachin-Modi: মার্চে ছেলের বিয়ে! হবু বউমাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে সচিন, হাতে দিলেন অর্জুনের বিয়ের কার্ড
ক্রিকেট দুনিয়ার 'ঈশ্বর' সচিন তেন্ডুলকারের বাড়িতে এখন সানাইয়ের সুর। ছেলে অর্জুনের বিয়ের প্রস্তুতি তুঙ্গে। আর এই বিশেষ শুভ ক্ষণে নিমন্ত্রণ জানাতে খোদ দেশের প্রধানমন্ত্রীর দরবারে পৌঁছে গেলেন মাস্টার ব্লাস্টার।
বাইশ গজের লড়াই অনেক আগেই ফুরিয়েছে, কিন্তু সৌজন্যের পিচে সচিন তেন্ডুলকর আজও ‘ওপেনিং ব্যাটার’। ছেলে অর্জুন তেন্ডুলকারের বিয়ের সানাই বাজতে আর বিশেষ দেরি নেই। আর সেই রাজকীয় বিয়ের আসরে প্রধান অতিথি হিসেবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে সস্ত্রীক দিল্লিতে হাজির হলেন মাস্টার ব্লাস্টার।

প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে সচিন-অঞ্জলি
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান সচিন এবং তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর। সঙ্গে ছিলেন তাঁর হবু বউমা সানিয়া চান্দেক, ছেলে অর্জুন, মেয়ে সারা-সহ পরিবারের আরও অনেকে। মোদীর হাতে অর্জুন ও সানিয়ার বিয়ের বর্ণাঢ্য নিমন্ত্রণপত্র তুলে দেন তাঁরা। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তাঁদের এই বৈঠক। সূত্রের খবর, রাজনীতির কথা সরিয়ে রেখে দুই পরিবারের মধ্যে একান্তই ব্যক্তিগত এবং ঘরোয়া আলোচনা হয়েছে। মোদীও সচিন-পুত্রের আগামী জীবনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
অর্জুন-সানিয়ার স্বপ্নের বিয়ে
সানিয়ার সঙ্গে অর্জুনের মাখামাখো সম্পর্কের জল্পনা দীর্ঘদিনের। সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকার এবং সানিয়ার বিয়ে নিয়ে ক্রিকেট এবং গ্ল্যামার মহলে কৌতূহল এখন আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক অভিজাত ভেন্যুতে বসতে চলেছে এই বিয়ের আসর। যেখানে আমন্ত্রিত থাকবেন বিশ্বের তাবড় ক্রিকেটার থেকে শুরু করে বলিউডের প্রথম সারির তারকারা। ৩রা মার্চ থেকেই শুরু হবে প্রাক-বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীতের পর ৫ তারিখ বিয়ের মূল বিবাহ অনুষ্ঠান।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের অর্জুনের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন এই ব্যাটিং কিংবদন্তী।
আতিথেয়তায় সেরা সচিন
দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ জানানো সচিনের দীর্ঘদিনের এক সৌজন্যমূলক প্রথা। নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলোতে তিনি বরাবরই প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়েছেন। মুম্বই থেকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের কার্ড পাঠিয়ে নয়, বরং সরাসরি দেখা করে এই আমন্ত্রণ জানানোয় সচিনের মার্জিত ব্যক্তিত্বের ছাপ আরও একবার স্পষ্ট হলো।
কে এই সানিয়া চান্ধোক?
অর্জুনের হবু স্ত্রী সানিয়া মুম্বইয়ের এক অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান। সানিয়া হলেন মুম্বইয়ের প্রখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। তাঁদের পরিবার 'বাস্কিন রবিন্স'-এর মতো বড় ব্র্যান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত। সানিয়া একজন পেশাদার পশু চিকিৎসক (Veterinary Doctor)। এছাড়া তিনি মুম্বইয়ে পোষ্যদের জন্য একটি লাক্সারি স্পা চালান।
কীভাবে শুরু অর্জুন-সানিয়ার প্রেম?
সানিয়া এবং অর্জুন ছোটবেলার বন্ধু। সেখান থেকেই শুরু প্রেমের। গত বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, যার ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।
মজার ব্য়াপার হল, অর্জুনের মা অঞ্জলি তেন্ডুলকর বরের চেয়ে বয়সে প্রায় দু-বছরের বড়। সেই ট্রেন্ড ফলো করেছেন অর্জুনও। ২৬ বছর বয়সী অর্জুন মালা দেবে সানিয়ার গলায়, তিনিও বয়সে সচিন-পুত্রের চেয়ে প্রায় ১৫ মাসের বড়।
সচিন তেন্ডুলকরের প্রতিক্রিয়া
ছেলের জীবনের এই নতুন ইনিংস নিয়ে সচিন তেন্ডুলকর অত্যন্ত খুশি। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘অর্জুন নিজের সিদ্ধান্ত নিতে শিখেছে। সানিয়া আমাদের পরিবারের মেয়ের মতোই। আমরা সবাই এই শুভ দিনের অপেক্ষায় আছি।’
E-Paper











