Surya on IND Vs Pak: অভিষেক কি পাকের বিরুদ্ধে রবিবার খেলবেন? হ্যান্ডশেক হবে? মুখ খুললেন সূর্যকুমার যাদব

কী বললেন ভারতের টি২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব?

Published on: Feb 14, 2026 6:19 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত পোহালেই কলম্বোয় ভারত বনাম পাকিস্তান মহারণ। ২০২৬ টি ২০ বিশ্বকাপের আঙিনায়, এই ম্যাচ ঘিরে উত্তেজনায় টগবগিয়ে ফুটছে ক্রিকেট বিশ্ব। এদিকে, এর আগে, এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেট টিমকে। ধারা বজায় রেখেছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমও। এরপর ২০২৬ টি ২০ বিশ্বকাপেও কি দুই দলের মধ্য়ে করমর্দন না করার ধারা বজায় থাকবে? তা নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব (SKY)।

অভিষেক কি পাকের বিরুদ্ধে রবিবার খেলবেন? হ্যান্ডশেক হবে? মুখ খুললেন সূর্যকুমার যাদব(ANI Video Grab) (ANI Video Grab)
অভিষেক কি পাকের বিরুদ্ধে রবিবার খেলবেন? হ্যান্ডশেক হবে? মুখ খুললেন সূর্যকুমার যাদব(ANI Video Grab) (ANI Video Grab)

গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বড়সড় শঙ্কার খবর ছিল অভিষেক শর্মার শারীরিক অবস্থা। ভারতীয় এই ওপেনার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামেননি অসুস্থ থাকায়। জানা গিয়েছে, তিনি মুম্বইতে কিছু খেয়ে ফেলার ফলে, খাবার থেকে সংক্রমণের জেরে পেটের সমস্যায় ভুগছিলেন। পরে তাঁকে দিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয়। করা হয় টেস্ট। এরপর দিল্লির ম্যাচে সূর্য বলেন, অভিষেক ওই ম্যাচে নেই, পরেরটিতেও খেলতে পারবেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। ফলত, জল্পনা তুঙ্গে ওঠে। তবে সকলকে নিশ্চিন্ত করে আজ ভারতের টি২০ ক্যাপ্টেন সূর্য জানিয়ে দিয়েছেন ২২ গজে পাকিস্তানের বিরুদ্ধে নামছেন অভিষেক শর্মা। যদিও অভিষেকের বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইউএসএর বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি শূন্য রানে আউট হন। পরের ম্যাচ শারীরিক কারণে খেলতে পারেননি। তৃতীয় ম্যাচে অভিষেক নামছেন পাকিস্তানের বিরুদ্ধে। এর আগে, অভিষেকের খেলা সম্পর্কে পাকিস্তানের অধিনায়ক আঘা বলেছিলেন,'আমি সত্যিই আশা করি সে (অভিষেক) আগামিকাল খেলবে। সে একজন ভালো খেলোয়াড়, এবং আমরা তাদের সেরা দলের বিরুদ্ধে খেলতে চাই। সত্যিই আশা করি সে সুস্থ হয়ে উঠছে এবং খেলতে পারবে।'

এদিকে, এশিয়া কাপে হ্যান্ডশেক (করমর্দন) বিতর্কের পর ফের ভারত ও পাকিস্তান মুখোমুখি। এই ম্যাচে কি ভারত সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যাবে? প্রশ্ন শুনেই সূর্য বলেন,' আমরা হ্যান্ডশেকের ব্যাপারটা টস-এই দেখতে পাব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।' এদিকে, করমর্দনের বিষয়ে আঘাও জানান, টসের সময়ই সবটা স্পষ্ট হয়ে যাবে। আপাতত অপেক্ষা হাইভোল্টেজ রবিবারের ম্যাচের!