মাতৃহারা হলেন টাটা স্ট্রাস্টের চেয়ারম্যান, কে ছিলেন সিমোন টাটা?
নোয়েল টাটার মা সিমোন টাটা একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। প্রসাধনী সংস্থা ল্যাকমিকে প্রথম সারিতে নিয়ে এসেছিলেন।
প্রয়াত হয়েছেন টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটার মা সিমোন টাটা। শুক্রবার সকালে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিস ৯৫। সিমোন টাটা ছিলেন নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী। তাঁর একমাত্র সন্তান নোয়েল টাটা বর্তমানে ট্রাস্ট এবং তিনটি টাটা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান।

নোয়েল টাটার মা সিমোন টাটা একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। প্রসাধনী সংস্থা ল্যাকমিকে প্রথম সারিতে নিয়ে এসেছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি সারা বিশ্বের প্রসাধনী জগতে শোক প্রকাশ করেছে। চলতি বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন তিনি। দুবাইতে তাঁর চিকিৎসা চলছিল। চলতি বছরের আগস্টে নিয়ে আসে হয় দেশে। তারপর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, শনিবার সকালে কোলাবার ক্যাথেড্রাল অফ দ্য হলি নেম চার্চে ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোন টাটাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
টাটা গ্রুপের একজন মুখপাত্র বলেন, 'ভারতের শীর্ষস্থানীয় কসমেটিক ব্র্যান্ড হিসেবে ল্যাকমির প্রসারে এবং ওয়েস্টসাইড চেইনের মাধ্যমে ফ্যাশন খুচরা বিক্রেতার ভিত্তি স্থাপনে তাঁর অবদানের সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তিনি রতন টাটা ইনস্টিটিউট-সহ অনেক জনহিতকর সংস্থার কাজ পরিচালনা করেছেন।' তিনি আরও বলেন, 'ইতিবাচকতা এবং গভীর সংকল্পের মাধ্যমে, তিনি তার জীবনে বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন এবং যা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং ঈশ্বর আমাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দিন।' সিমোন টাটা তার পুত্র নোয়েল টাটা; পুত্রবধূ আলো মিস্ত্রি; এবং নাতি-নাতনি নেভিল, মায়া এবং লিয়াকে রেখে গিয়েছেন।
সিমোন টাটা কে ছিলেন?
১৯৩০ সালের মার্চে সুইজারল্যান্ডের জেনেভায় জন্ম গ্রহণ করেছিলেন সিমোন টাটা। ১৯৫৩ সালে মাত্র ২৩ বছর বয়সে প্রথমবার ভারতে আসেন তিনি। তার ঠিক ২ বছরের মাথায় ১৯৫৫ সালে নেভাল এইচ টাটাকে বিয়ে করেন তিনি। তারপর থেকে মুম্বইতে থাকতে শুরু করেন। টাটা পরিবারের সঙ্গে মিলে গিয়েছিলেন তিনি। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎ মা ছিলেন তিনি। ১৯৬০ সালের গোড়া থেকে টাটা গ্রুপের সঙ্গে তিনি সরাসরি যুক্ত হন। সিমোন টাটা ১৯৬১ সালে ল্যাকমি বোর্ডে যোগ দেন, যা সেই সময় টাটা অয়েল মিলস কোম্পানির একটি ছোট সহযোগী প্রতিষ্ঠান ছিল। তাঁর প্রচেষ্টায় এই ব্র্যান্ডটি আজকের এই জনপ্রিয়তার শীর্ষ পৌঁছেছে। ১৯৮২ সালে তিনি ল্যাকমির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হন।












