সিডনির সৈকতে মৃত্যুমিছিল! ইহুদিদের উৎসবের মধ্যেই এলোপাথাড়ি গুলি, কী বলছে রিপোর্ট?
তাৎক্ষণিকভাবে নিউ সাউথ ওয়েলস পুলিশ পরে নিশ্চিত করেছে, এই ঘটনায় একাধিক মানুষ নিহত হয়েছেন।
ইহুদি ধর্মীয় উৎসবের মধ্যেই অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছেন। ঘটনার সময় দুই পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে গোটা জায়গা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাধারণ মানুষকে সেই এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দু’ঘণ্টা ধরে অন্তত ৫০টি গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। এই ঘটনাকে ‘ভয়াবহ এবং দুঃখজনক’ বলে উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, 'মানুষের সাহায্যার্থে পুলিশ এবং আপৎকালীন বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।' তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার এবং নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) প্রিমিয়ারের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর কথায়, 'আমরা নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে কাজ করছি এবং আরও তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আরও আপডেট প্রদান করব।' বেলা আড়াইয়ে নাগাদ নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স হ্যান্ডলে বন্ডি বিচে গুলিচালনার উল্লেখ করে ঘটাস্থলে হাজির প্রত্যেককে সতর্ক করে নিরাপদে আশ্রয় নিতে বলে। পরে পুলিশ দু’জন বন্দুকধারীকে আটক করে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে নিউ সাউথ ওয়েলস পুলিশ পরে নিশ্চিত করেছে, এই ঘটনায় একাধিক মানুষ নিহত হয়েছেন। তবে ঠিক কতজন মারা গেছেন, সে বিষয়ে এখনও সংখ্যা জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, দুই হামলাকারীকে ‘নিরস্ত্র’ করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকা তল্লাশি করে সম্ভাব্য ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইএডি) খুঁজে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাতের মাত্রা এখনো স্পষ্ট নয়। ঘটনার সময় বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার প্রথম দিনের অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে। সেই উপলক্ষে কয়েক শো মানুষ সেই সমুদ্র সৈকতে জমায়েত হয়েছিলেন।‘চানুকা বাই দ্য সি ২০২৫’ নামে আয়োজিত এই অনুষ্ঠানের একটি ডিজিটাল ফ্লায়ারে দেখা যায়, এটি রবিবার বিকেল ৫টা থেকে সমুদ্র সৈকতের শিশুদের খেলার মাঠের কাছে আয়োজন করার কথা ছিল। সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে, টেলিভিশন নেটওয়ার্ক স্কাই এবং এবিসির ফুটেজে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছেন বহু মানুষ। তাদের কেউ নিহত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মতে, পরিস্থিতি এখনও ভয়াবহ। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান এখনও চলছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন।












