বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে! নিমন্ত্রণ সেরে ফেরার পথে বেপরোয়া 'অডি'র বলি ৩, হাহাকার

গাড়িটির ধাক্কা এতটাই জোরালো ছিল যে বাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান।

Published on: Feb 08, 2026 1:02 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু সেই আনন্দ মুহূর্তে বদলে গেল গভীর বিষাদে। মধ্যপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সদস্য। শনিবার সন্ধ্যায় বিলাসবহুল গাড়ি সজোরে ধাক্কা মারে একটি বাইকে। সেই বাইকে ওই তিন জন ছিলেন।

নিমন্ত্রণ সেরে ফেরার পথে বেপরোয়া 'অডি'র বলি ৩ (সৌজন্যে টুইটার)
নিমন্ত্রণ সেরে ফেরার পথে বেপরোয়া 'অডি'র বলি ৩ (সৌজন্যে টুইটার)

এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার কোস্তা গ্রামের কাছে জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৫৫ বছর বয়সি ভগবত বিশ্বকর্মা, তাঁর ছেলে শিবম বিশ্বকর্মা এবং তাঁদের এক আত্মীয় শীতল বিশ্বকর্মা। বাইকে করে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়েছিলেন তাঁরা। পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বিশ্বকর্মা পরিবারে এখন বিয়ের উৎসব। আগামী ২৪ ফেব্রুয়ারি ভগবতের বড় ছেলের বিয়ে ঠিক হয়েছিল। সেই উপলক্ষ্যে তাঁরা বাইকে করে আত্মীয়-স্বজনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়েছিলেন। সারাদিন কার্ড বিলি শেষে রেওয়া-প্রয়াগরাজ জাতীয় সড়কের কোস্তা গ্রামের কাছে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রয়াগরাজের দিক থেকে আসা একটি অত্যন্ত দ্রুতগতির অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কোস্তা গ্রামের কাছে তাঁদের বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে বাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাইকটিকে ধাক্কা দেওয়ার পর গাড়িটি রাস্তার ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক গাড়ির চালককে স্থানীয়রা আটক করে। পরে তাঁকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। চালক মদ্যপ ছিলেন কিনা এবং দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল-এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে পাঠানো হয়। বাড়ির দোরগোড়ায় পৌঁছেও এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হওয়ায় পুরো গ্রাম এখন নিস্তব্ধ।