ট্রাম্পের ডিগবাজি! এপস্টেইন ফাইল প্রকাশে কংগ্রেসে ভোটাভুটি সমর্থন, কী বললেন প্রেসিডেন্ট?

এপস্টেইনকে ২০০৮ সালে ফ্লোরিডায় ১৮ বছরের কম বয়সি একজন নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

Published on: Nov 17, 2025 9:36 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হঠাৎই ‘ইউ টার্ন’ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাবালিকা ও শিশু যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ধনকুবের জেফরি এপস্টেইনের নথিগুলি প্রকাশের পক্ষে ভোট দিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যদের প্রতি আহ্বান জানালেন খোদ ট্রাম্প।এতদিন প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিলেও এবার ১৮০ ডিগ্রি ঘুরে সম্পূর্ণ উল্টো সুরে গাইলেন তিনি।

ট্রাম্পের ডিগবাজি! (Bloomberg)
ট্রাম্পের ডিগবাজি! (Bloomberg)

রবিবার রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যদের এপস্টেইনের নথি প্রকাশের পক্ষে ভোট দেওয়া উচিত। কারণ, আমাদের লুকানোর কিছু নেই।’ ট্রাম্প আরও লিখেছেন, ‘বিচার বিভাগ এরই মধ্যে এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার পৃষ্ঠাভর্তি তথ্য জনসাধারণের জন্য প্রকাশ করেছে। তারা বিভিন্ন ডেমোক্রেটিক পার্টির নেতার (যেমন বিল ক্লিনটন, রিড হফম্যান, ল্যারি সামার্স) সঙ্গে এপস্টেইনের সম্পর্ক খতিয়ে দেখছে। হাউস ওভারসাইট কমিটি আইনগতভাবে যে তথ্য চাইবে, তাই পেতে পারবে-আমার কোন আপত্তি নেই!’ কয়েক দিন ধরে ট্রাম্প প্রয়াত এপস্টেইনের নথি প্রকাশ-সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান জানিয়ে আসছিলেন। এখন সেখান থেকে তিনি সরে এসেছেন। ট্রাম্প এমন সময়ে তাঁর অবস্থান বদল করলেন, যখন প্রতিনিধি পরিষদে এপস্টেইনের নথি প্রকাশ-সংক্রান্ত একটি আইন প্রণয়নের উপর ভোটাভুটির প্রস্তুতি চলছে। ওই আইনের আওতায় মার্কিন বিচার বিভাগ নথিগুলি জনসাধারণের জন্য প্রকাশ করতে বাধ্য হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির পক্ষে যথেষ্ট সমর্থন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে উচ্চকক্ষ সিনেটে এটি পাস হবে কিনা, তা নিশ্চিত নয়।ডেমোক্র্যাট ও কয়েকজন রিপাবলিকান সদস্য এমন একটি পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন, যা জেফরি এপস্টেইনের মামলা-সংক্রান্ত আরও নথি প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে বাধ্য করবে। শোনা যাচ্ছিল, বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য দলের বিরুদ্ধে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। আর এর মধ্যেই নিজের অবস্থান বদল করে রিপাবলিকান সদস্যদের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প। রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রায় ১০০ জন রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন। ম্যাসি এ প্রস্তাবের উদ্য্যোক্তাদের একজন। এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামের এই বিলের উদ্দেশ্য হল, জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত সব নথি, রেকর্ড, চিঠিপত্র ও তদন্তের তথ্য প্রকাশ করতে বিচার বিভাগকে বাধ্য করা।

উল্লেখ্য, এপস্টেইনকে ২০০৮ সালে ফ্লোরিডায় ১৮ বছরের কম বয়সি একজন নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যৌন বিষয়ক পণ্য পাচারের অন্য এক মামলায় বিচারের অপেক্ষায় থাকাকালীন ২০১৯ সালে কারাগারে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

News/News/ট্রাম্পের ডিগবাজি! এপস্টেইন ফাইল প্রকাশে কংগ্রেসে ভোটাভুটি সমর্থন, কী বললেন প্রেসিডেন্ট?