‘ফ্রি প্যালেস্টাইন!' রাজস্থানে দুই ব্রিটিশ নাগরিককে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’, কেন?

আজমেরের বিভিন্ন জায়গায় ইজরালের বিরুদ্ধে স্টিকার লাগাতেন ব্রিটিশ যুগল।

Published on: Feb 04, 2026 11:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দুই ব্রিটিশ নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দিল রাজস্থান প্রশাসন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁরা মরুরাজ্যের বিভিন্ন জায়গায় ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইজরায়েল’ স্টিকার সাঁটাচ্ছিলেন। যা তাঁদের ট্যুরিস্ট ভিসার শর্ত অনুযায়ী তাঁরা করতে পারেন না। রাজস্থানের আজমেরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে প্যালেস্তাইনের সব স্টিকার সরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

দুই ব্রিটিশ নাগরিককে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ (সৌজন্যে টুইটার)
দুই ব্রিটিশ নাগরিককে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ (সৌজন্যে টুইটার)

পুলিশ সূত্রে খবর, আজমেরের বিভিন্ন জায়গায় ইজরালের বিরুদ্ধে স্টিকার লাগাতেন ওই ব্রিটিশ যুগল। গোয়েন্দা বিভাগ (সিআইডি) বিষয়টিকে গুরুতর কিছু হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর দুই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ওই দুই পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন। তারা পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে, ওই যুগল স্টিকার লাগানোর সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা বিভাগ সন্দেহভাজনদের শনাক্ত করে। বিষয়টিকে গুরুতর মনে করায় গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) রাজেশ মিনার নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটন ভিসায় ভারতে থাকাকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন। এরপরেই জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয় এবং আইন অনুযায়ী ভিসা বাতিল করে তাদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়। সিআইডি জানিয়েছে, তাঁদের এই কাজে সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম লঙ্ঘিত হয়েছে। ট্যুরিস্ট ভিসার নিয়ম অনুসারে ঘুরতে এসে কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হওয়া যায় না। সিআইডি-র অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা জানিয়েছেন, এই কাজে যুক্ত হয়ে দুই ব্রিটিশ নাগরিক ভিসা নীতি লঙ্ঘন করেছেন। তাই তাঁদের ভারত ছেড়ে যেতে বলা হয়েছে। পর্যটন ভিসা নিয়ে কোনও দেশে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা যায় না। অংশ নেওয়া যায় না প্রতিবাদ কর্মসূচিতেও। বিশেষ করে ভারতের অভিবাসন এবং বিদেশি আইনে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ প্রমাণে পর্যটকদের ব্ল্যাকলিস্ট পর্যন্ত করার বিধান রয়েছে।

এরমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে ইজরায়েল সফরে যেতে পারেন। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে এনডিটিভিকে জানিয়েছেন, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। পশ্চিম এশিয়ার চলমান উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারত ও ইজরায়েলের প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্য ক্ষেত্রে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে এই ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।