'পাকিস্তানের মতো লাগছে!' US-এ 'ইসলামীকরণ'? মার্কিন কংগ্রেস সদস্যের মন্তব্যে বিতর্ক তুঙ্গে

ব্র্যান্ডন গিল বলেন, ডালাসের কিছু অংশের জনসংখ্যার পরিবর্তন স্থানীয় এলাকাগুলোর সাংস্কৃতিক চরিত্রকে বদলে দিয়েছে।

Published on: Feb 08, 2026 9:39 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রিপাবলিকান কংগ্রেস সদস্য ব্র্যান্ডন গিল তাঁর নিজের প্রদেশে টেক্সাসের কিছু অংশে 'ইসলামীকরণ' চলছে বলে দাবি করে বিতর্ক উস্কে দিয়েছেমন। তিনি বলেছেন, টেক্সাসের নির্দিষ্ট কিছু মলে গেলে 'মনে হয় আপনি ডালাসে নন, পাকিস্তানে আছেন।'

মার্কিন কংগ্রেস সদস্যের মন্তব্যে বিতর্ক (AP)
মার্কিন কংগ্রেস সদস্যের মন্তব্যে বিতর্ক (AP)

রিয়েল আমেরিকা'স ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যান্ডন গিল বলেন, ডালাসের কিছু অংশের জনসংখ্যার পরিবর্তন স্থানীয় এলাকাগুলোর সাংস্কৃতিক চরিত্রকে বদলে দিয়েছে। তাঁর কথায়, 'আমি আমার ভোটারদের কাছ থেকে সব সময়ই শুনি, যাঁরা ডালাস এলাকার ইসলামীকরণ নিয়ে খুবই উদ্বিগ্ন। তাঁরা শুনছেন যে, যে জমিগুলো তাঁদের পরিবার প্রজন্ম ধরে ভোগদখল করে আসছে, তার কাছাকাছি মসজিদ গজিয়ে উঠছে। স্থানীয়দের দাবি, বিশাল বিশাল শহুরে এলাকা তৈরি হচ্ছে, যেখানে সকলেই মুসলিম।' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পাটির এই কংগ্রেস সদস্য বলেন, 'যখন আপনি ভোটারদের মুখে শোনেন যে তাঁরা তাঁদের স্থানীয় মলে যাচ্ছেন, এবং আপনি চারদিকে তাকিয়ে দেখেন, আর মনে হয় আপনি ডালাস, টেক্সাসে নন, পাকিস্তানে আছেন, তখন এটা একটা বড় সমস্যা। আপনি দেখছেন আমাদের সম্প্রদায়, আমাদের সংস্কৃতি, আমরা যে জায়গাটিকে চিনি এবং ভালোবাসি, তা মৌলিকভাবে রূপান্তরিত হচ্ছে।'

সোশ্যাল মিডিয়ায় 'ব্যাপক ইসলামিক অভিবাসন আমাদের পরিচিত ও প্রিয় আমেরিকাকে ধ্বংস করছে' ক্যাপশন দিয়ে শেয়ার করা একটি ভিডিও বার্তায় গিল তাঁর অভিযোগগুলো তুলে ধরেছেন। অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং সাংস্কৃতিক সংহতি নিয়ে রিপাবলিকান পার্টির মধ্যে চলমান একটি বৃহত্তর জাতীয় বিতর্কের মধ্যেই গিল 'ইসলামীকরণ' মন্তব্যটি করেছেন। তবে তিনি তাঁর পোস্টে এই বিষয়ে কোনও তথ্য বা সুনির্দিষ্ট প্রমাণ দেন। তাই অনেক নেটিজেনই তাঁর পোস্টের প্রতিক্রিয়ায় বলেছেন, ব্র্যান্ডন গিল তাঁর 'ভারতীয় স্ত্রীকে খুশি করতে' এই মন্তব্য করেছেন। এর আগে ২০২৫ সালের জুনে, ব্র্যান্ডন গিল নিউইয়র্ক সিটির তৎকালীন মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির হাতে করে ভাত খাওয়ার একটি ভিডিওর প্রতিক্রিয়ায় তাঁকে 'তৃতীয় বিশ্বে ফিরে যেতে' বলেছিলেন। তিনি লিখেছিলেন, 'আমেরিকার সভ্য মানুষেরা এভাবে খায় না। আপনি যদি পশ্চিমী রীতিনীতি গ্রহণ করতে অস্বীকার করেন, তবে তৃতীয় বিশ্বে ফিরে যান।'

গিলের মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। বলে রাখা ভালো, গিলের স্ত্রী ড্যানিয়েল ডি’সুজা, ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক কমেন্টেটার। অনেকেই এই মন্তব্যকে ‘সাংস্কৃতিক অজ্ঞতা ও বর্ণবিদ্বেষমূলক’ বলে নিন্দা করেন। কেউ কেউ আবার বলেন, হাত দিয়ে খাওয়া কোনও অপরাধ নয়, বরং তা বহু সংস্কৃতির স্বাভাবিক অভ্যাস। এরপরেই নেটিজেনদের সমালোচনার মধ্যে স্বামীকে সমর্থন করে ড্যানিয়েল ডি'সুজা বলেন, ‘আমি হাত দিয়ে ভাত খেয়ে বড় হইনি এবং সবসময় কাঁটাচামচ ব্যবহার করেছি। আমার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি একজন খ্রিস্টান ‘মাগা’ দেশপ্রেমিক। আমার বাবার বর্ধিত পরিবার ভারতে থাকে এবং তারাও খ্রিস্টান এবং তারাও কাঁটাচামচ ব্যবহার করে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। ’ উল্লেখ্য, ব্র্যান্ডন গিল ২০২৪ সালে কংগ্রেসে নির্বাচিত হন এবং হাউস জুডিশিয়ারি, বাজেট এবং ওভারসাইট কমিটিসহ ডজ সাবকমিটিতে দায়িত্ব পালন করছেন। যেখানে তিনি 'সীমান্ত সুরক্ষা, জীবন রক্ষা, সরকারি অপচয় দূর করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি পুনরুদ্ধার করার' উপর জোর দিয়েছেন।