US F16C Fighter Jet Crash Update: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন বাহিনীর F16C যুদ্ধবিমান, হাসপাতালে পাইলট
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো এবং ইনিও কাউন্টি লাইন এলাকার কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ৫৭তম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে পরে এই সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির ট্রোনা বিমানবন্দরের কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাটি সান বার্নার্ডিনো এবং ইনিও কাউন্টি লাইন এলাকার কাছে ঘটেছে। একটি বিমানের আপৎকালীন সাহায্যের আর্তির ভিত্তিতে তারা সাড়া দিয়েছে বলেও জানানো হয় দমকল দফতরের তরফ থেকে।
সান বার্নার্ডিনো এবং ইনিও কাউন্টি লাইন এলাকার কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি
এর পরে একটি আপডেটে দমকল দফতরের তরফ থেকে বলা হয়েছে, ট্রোনার কাছে শুকনো রিভার বেডে একটি বিধ্বস্ত বিমান থেকে বের হওয়া আগুন নেভানোর জন্য তারা সহায়তা করছে। এদিকে বিমানে একজনই পাইলট ছিলেন বলে জানা গিয়েছে। তিনি সময় মতো বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার চোট লাগলেও তাতে প্রাণের সংশয় নেই। ভেঙে পড়া বিমানের পাইলটকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে যে 'থান্ডারবার্ডস' স্কোয়াড্রনের একটি এফ১৬সি বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ মিশনের সময় এই এফ১৬সি ফাইটিং ফ্যালকন বিমানটি ভেঙে পড়ে। তাতে থাকা পাইলটের অবস্থা আপাতত স্থিতিশীল। মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ৫৭তম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে পরে এই সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করা হবে।
এর আগে কেলভিন চেং নামক এক চিত্রসাংবাদিক দাবি করেছিলেন, একটি এফ১৬সি বিমান দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে। তিনি দাবি করেছিলেন, নেলিস থেকে ৬টি যুদ্ধবিমান আকাশে উড়েছিল কিন্তু মাত্র ৫টি ফিরে এসেছিল। এদিকে ভেঙে পড়া যুদ্ধবিমানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, আমেরিকার তৈরি এফ১৬ যুদ্ধবিমান পাকিস্তানের বায়ুসেনার অন্যতম প্রধান অস্ত্র। একাধিকবার ভারতের বিরুদ্ধে এই যুদ্ধবিমানকে ব্যবহার করেছে পাকিস্তান। চতুর্থ প্রজন্মের এই বিমান ম্যাক ২ গতিতে ছুটতে পারে এবং ভারী অস্ত্র বহনে সক্ষম। অবশ্য মার্কিন শর্ত অনুযায়ী পাকিস্তান এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে আক্রমণের উদ্দেশে ব্যবহার করতে পারে না। তবে পাকিস্তান সেই শর্ত মানে না। এবং আমেরিকাও তাতে পাকিস্তানকে থামায় না। এই আবহে অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানের এফ১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছিল ভারত। এর আগে ২০১৯ সালে মিগ-২১ বাইসন যুদ্ধবিমানে চেপে এফ১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছিলেন ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
News/News/US F16C Fighter Jet Crash Update: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন বাহিনীর F16C যুদ্ধবিমান, হাসপাতালে পাইলট