হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে ব্যাপক সাফল্য এসেছে। বুকিং দেখে অত্যন্ত আশাবাদী ভারতীয় রেল কর্তৃপক্ষ। সেই আবহে ভারতীয় রেল কতগুলি বন্দে ভারত স্লিপার ট্রেন চালাতে চায়, তা নিয়ে মুখ খোলা হল। রাজধানী এক্সপ্রেসের কী হবে?
হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে ব্যাপক সাফল্য মিলেছে। তারইমধ্যে রেলের তরফে জানানো হল যে দেশজুড়ে প্রায় ৩০০টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা আছে। বুধবার লোকসভায় লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) এবং বিইএমএলের সঙ্গে হাত মিলিয়ে ধাপে-ধাপে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হচ্ছে। প্রথমে তৈরি করা হবে প্রোটোটাইপ। সেই প্রোটোটাইপ রেকের ট্রায়াল হবে। তারপর উৎপাদন করা হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের। আর সেই ট্রেনগুলিকে কোন রুটে চালানো হবে, তা রেলের প্রস্তুতি এবং যাত্রীদের চাহিদার উপরে নির্ভর করবে। সবমিলিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের ২৬০টি রেক তৈরির পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
২৬০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে Indian Railways)
১৬ কোচের বন্দে ভারত স্লিপার হবে ২৪ কোচের
আর ধাপে-ধাপে সেই উৎপাদন প্রক্রিয়া করা হবে, যাতে বিভিন্ন প্রজন্মের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা যায়। এখন যেমন বন্দে ভারত এক্সপ্রেসের একাধিক প্রজন্ম আছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হবে। যেমন প্রাথমিকভাবে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হয়েছে। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে ব্যাপক সাফল্যে উৎফুল্ল হয়ে কোচের সংখ্যা বাড়িয়ে ২৪-তে নিয়ে যাওয়ার তোড়জোড় করা হচ্ছে। অর্থাৎ বন্দে ভারত স্লিপার ট্রেনকে আরও উন্নত করে তুলতেই ধাপে-ধাপে তৈরি করা হবে বলে ওই মহলের ধারণা।
রাজধানী এক্সপ্রেসের জায়গা ধীরে-ধীরে নেবে বন্দে ভারত স্লিপার?
আর রেলমন্ত্রী যা বলেছেন, তাতে সংশ্লিষ্ট মহলের ধারণা, ধীরে-ধীরে হয়তো একাধিক গুরুত্বপূর্ণ রুটের গুরুত্বপূর্ণ ট্রেনের পরিবর্তে বন্দে ভারত স্লিপার চালু করা হতে পারে। যেমন ধাপে-ধাপে শতাব্দী এক্সপ্রেসের পরিবর্ত হিসেবে চালানো হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। একইভাবে রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের জায়গা ধীরে-ধীরে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে নেবে কিনা, সেদিকে নজর আছে সংশ্লিষ্ট মহলের।
বন্দে ভারত স্লিপার ট্রেনের গুরুত্বপূূর্ণ বৈশিষ্ট্য
১) বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতি হল ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে সর্বোচ্চ ঘণ্টায় ১৬০ কিমিতে চলতে পারবে।