জনমনে আশঙ্কা-উদ্বেগ! হাসিনার রায় ঘিরে বড় সংকল্প আওয়ামী লিগের, কতটা প্রস্তুত ইউনূস সরকার?
এই প্রথম কোন মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজার মুখে পড়তে চলেছেন শেখ হাসিনা।
সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলনের সময়ে ‘মানবতাবিরোধী অপরাধ’ (জুলাই আন্দোলনের সময়ে হত্যাকাণ্ড)-এর অভিযোগ রয়েছে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এই মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে। এরমধ্যেই আওয়ামী লিগ বাংলাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই আবহে সে দেশের নিরাপত্তা জোরদার করল মহম্মদ ইউনূস সরকার।

এই প্রথম কোন মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজার মুখে পড়তে চলেছেন শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‘মানবতাবিরোধী অপরাধ’-এর মামলায় হাসিনা ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন।
শেখ হাসিনার রায় ও বাংলাদেশের পরিস্থিতি
১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে রায় সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস জানিয়েছে, আগামীকাল সকাল ১১টায় এ রায় উপলক্ষে আদালত বসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই মামলার রায় জানাবে। ট্রাইবুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।
২ এই মামলার শুনানি পর্বের শেষে সমাপ্তি সূচক বক্তব্যে (ক্লোজিং স্টেটমেন্টে) হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) দাবি জানান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে, তিন অভিযুক্তেরই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাঁদের নির্দোষ দাবি করে বেকসুর খালাসের আর্জি জানিয়েছেন। শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধেই ৫টি অভিযোগ আনা হয়েছে। ফলে সোমবার আদালত হাসিনাকে নিয়ে কী রায় দেয়, সে দিকে নজর রয়েছে সকলের।
৩. গত বছর জুলাই আগস্ট আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান। রাজসাক্ষী হওয়ায় তাঁর সাজার পরিমাণ কম হবে বলে ধরে নেওয়া হচ্ছে। সরকারপক্ষ তাঁর কঠোর সাজা দাবি করেনি। এই মামলায় মোট ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের তালিকায় রয়েছেন পুলিশের রবার বুলেটে বিদ্ধ হয়ে মৃত আবু সাঈদের পিতাও।
৪. রাজধানী ঢাকা-সহ সে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লিগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে বলে জনমনে আশঙ্কা ও উদ্বেগ রয়েছে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আইন-শৃঙ্খলার অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড এবং হাতবোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনা রুখতে ঢাকা-সহ ৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
৫. হাসিনাকে নিয়ে আদালতের রায়ের আগে থেকেই বাংলাদেশকে স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে আওয়ামী লিগ। রবিবার এবং সোমবার ‘সম্পূর্ণ লকডাউন’ কর্মসূচি ডেকেছে তারা। কর্মসূচির ঘোষিত লক্ষ্য, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘জনবিরোধী’ কার্যকলাপের প্রতিবাদ করা। তবে হাসিনাকে নিয়ে রায়ের প্রতিবাদকেও এই কর্মসূচির অন্যতম নেপথ্য কারণ বলে মনে করা হচ্ছে।
৬. হাসিনার মামলার রায়ের আগেই ঢাকার সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জল সম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
৭. কেউ কোথায় গন্ডগোল পাকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ঢাকা পুলিশ। কোথাও সাধারণ মানুষ বা পুলিশের উপর ককটেল হামলা বা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার পুলিশ প্রধান শেখ মুম্মদ সাজ্জাত আলি বলেন, 'যাঁরা মানুষ এবং পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা এবং যানবাহনে আগুন দেবেন, আইনসম্মত ভাবেই তাঁদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একাধিক পুলিশকর্তা জানান, সরকারি ভবন, ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগের চেষ্টা হলে তা প্রতিহত করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন কমিশনার।
৮. বেশ কয়েকদিন ধরে ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে। তাই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, 'আমাদের বাহিনী মোতায়েন আছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারিপুরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে তাঁরা।
৯ .রবিবারও ঢাকায় আওয়ামী লিগের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকায়া আওয়ামী লিগ একটি ঝটিকা মিছিলের আয়োজন করেছিল। ওই কর্মসূচির জন্যই তাঁদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সরকারি সংবাদসংস্থা ‘বাসস’ সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্ধৃত করে জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাংলাদেশ জুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ এবং অন্য বাহিনী।
১০. রবিবার ট্রাইব্যুনাল চত্বর থেকে সরকারি আইজীবী গাজী মোনাওয়ার হুসেন তামীম জানান, এই মামলার রায় এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, 'আগামীকালের রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।' আইনজীবী আরও জানান, বাংলাদেশের সরকারি সংবাদমাধ্যম থেকে তা সরাসরি সম্প্রচারিত হবে। তার মাধ্যমে অন্য সংবাদমাধ্যমেও রায়ের ওই অংশ সরাসরি সম্প্রচার করা যাবে। ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় শেখ হাসিনার রায় দেখানো হবে।












