Putin-Witkoff meeting Update: মার্কিন দলের সঙ্গে আলোচনা 'গঠনমূলক' হলেও 'কোনও সমঝোতা' হয়নি: ক্রেমলিন

মার্কিন দলের সঙ্গে কয়েক ঘণ্টার সেই বৈঠকের পর রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, আলোচনা 'গঠনমূলক' হলেও 'কোনো সমঝোতা' হয়নি। পুতিনের শীর্ষ কূটনৈতিক সহযোগী বলেছেন যে প্রাথমিক মার্কিন পরিকল্পনাটি চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। ৫ ঘণ্টার বৈঠকে সেটা নিয়েও আলোচনা হয়েছে।

Published on: Dec 03, 2025 8:44 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্কিন দূত স্টিভেন উইটকফের সঙ্গে বৈঠক করলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে আমেরিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারও। কয়েক ঘণ্টার সেই বৈঠকের পর রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, আলোচনা 'গঠনমূলক' হলেও 'কোনো সমঝোতা' হয়নি। ইউক্রেনের দখল হওয়া অঞ্চলের বিষয়ে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, 'এখন পর্যন্ত আমরা কোনো সমঝোতা খুঁজে পাইনি, তবে কিছু মার্কিন সমাধান নিয়ে আলোচনা করা যেতে পারে। এই বৈঠকের আলোচনা খুব প্রয়োজনীয় এবং গঠনমূলক ছিল। তবে ওয়াশিংটন এবং মস্কোর আরও অনেক কাজ বাকি রয়েছে। এই বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক বিরোধ নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে।'

কয়েক ঘণ্টার বৈঠকের পর রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, আলোচনা 'গঠনমূলক' হলেও 'কোনো সমঝোতা' হয়নি। (AFP)
কয়েক ঘণ্টার বৈঠকের পর রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, আলোচনা 'গঠনমূলক' হলেও 'কোনো সমঝোতা' হয়নি। (AFP)

প্রতিবেদন অনুসারে, পুতিনের শীর্ষ কূটনৈতিক সহযোগী বলেছেন যে প্রাথমিক মার্কিন পরিকল্পনাটি চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। ৫ ঘণ্টার বৈঠকে সেটা নিয়েও আলোচনা হয়েছে। এই আবহে উশাকভ বলেন, 'কিছু বিষয়ে আমরা একমত হতে পারি। তবে রাষ্ট্রপতি ট্রাম্প রাশিয়ার বেশ কয়েকটি প্রস্তাবের সমালোচনা করেছেন এবং সেগুলি নিয়ে নিজের নেতিবাচক অবস্থান গোপন করেননি।' এই আবহে বৈঠকের পর রাশিয়া এবং আমেরিকার দূরত্ব তৈরি হয়েছে কি না প্রশ্ন করা হলে উশাকভ বলেন, 'আমরা আরও দূরে যাইনি, এটা নিশ্চিত।'

এই বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছিলেন, 'ইউরোপ যদি যুদ্ধ চায়, তবে রাশিয়া তার জন্য প্রস্তুত'। একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চুক্তি বানচাল করার চেষ্টা করছে ইউরোপের নেতারা। পুতিনের কথায়, 'ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনও পরিকল্পনা আমাদের নেই। কিন্তু ইউরোপ যদি যুদ্ধ চায় এবং তা শুরু করে, তাহলে আমরা এই মুহূর্তেই প্রস্তুত। তাদের কোনও শান্তির এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষেই আছে। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকার উদ্যোগে বাধা সৃষ্টি করছে ইউরোপীয় নেতারাই।'

উল্লেখ্য, এর আগে ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফার খসড়া প্রস্তাব পেশ করেছিল আমেরিকা। পরে অবশ্য ইউক্রেন এবং ইউরোপে দাবিতে সেই প্রস্তাবে সংশোধন আনে আমেরিকা। ইউক্রেন এবং ইউরোপের অভিযোগ ছিল, রাশিয়ার বেশ কিছু কঠোর দাবির প্রতি সহানুভূতিশীল ছিল আমেরিকা। এই আবহে ইউরোপের নেতাদের ওপর চটে যান পুতিন। আর এই সবের মাঝেই গতকাল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পুতিন।

News/News/Putin-Witkoff Meeting Update: মার্কিন দলের সঙ্গে আলোচনা 'গঠনমূলক' হলেও 'কোনও সমঝোতা' হয়নি: ক্রেমলিন